২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় ৫ বাংলাদেশী গ্রেফতার, হাইকমিশন অবগত নয়

দেশ জুড়ে ১৭ আগস্টের বোমা হামলার পরের দিন কলকাতায় পাঁচ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

তবে কলকাতা পুলিশ বা ভারত সরকার নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনকে বিষয়টি জানায়নি। এমনকি কলকাতায় অবস্থিত ডেপুটি হাইকমিশনকেও বিষয়টি জানানো হয়নি।

নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমান বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ গত ১৮ আগস্ট বাংলাদেশী নাগরিক দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, সোহেল মিয়া, মো: শামীম ও এমএম জালাল আহমেদ সেলিমকে আটক করে। কলকাতা পুলিশ জানায়, তারা বাংলাদেশে ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত এবং ঘটনার পর ভারতে চলে এসেছে।

তবে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তারা বৈধ পাসপোর্ট নিয়েই দুবাই যাচ্ছিল এবং ভারতীয় সিঙ্গেল এন্ট্রি ভিসায় তারা কলকাতায় প্রবেশ করে।

বিমান বন্দর থেকে তাদেরকে আটক করা হলেও পুলিশ আদালতকে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর একটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পত্রিকাটির প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়, আটককৃতরা ফ্রি স্কুল স্ট্রিটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পরে খবর পেয়ে তাদের আটক করা হয়।

পুলিশ আদালতকে আরও জানায়, তারা ভ্রমণ করতে আসেনি। তাদের কাছে যে পাসপোর্ট পাওয়া গেছে, তা সরবরাহ করেছিল বাবু ভাই নামে স্থানীয় এক এজেন্ট। ওই এজেন্ট তাদেরকে ভারতে গোপন কোনও কর্মকাণ্ড পরিচালনার কথা বলেছিল। বিনিময়ে তাদেরকে দুবাইতে কাজ দেওয়া হবে বলে বাবু ভাই প্রতিশ্রুতি দেয়।

আটককৃতরা ১৮ আগস্ট থেকে জেল হেফাজতে বন্দি আছে।

এদিকে তাদের পক্ষে আদালতে লড়তে ঢাকা থেকে অশোক দাস ও আবদুর রশিদ নামে দু’জন আইনজীবী কলকাতা আসেন।

অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, আটককৃতরা নিরাপরাধ ব্যক্তি এবং বৈধ পাসপোর্ট নিয়েই দুবাই যাচ্ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষ কেন তাদের আটক করা হয়েছে, তা জানায়নি। পুলিশ এখন তাদেরকে বাংলাদেশে ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় জড়ানোর চেষ্টা করছে।