শিক্ষক নিয়োগ না দেওয়ায় ঢাবিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ র গবেষণা কার্যক্রম ৫ বছর বন্ধ
শিক্ষক নিয়োগ না দেওয়ায় গত ৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ‘বঙ্গবন্ধু চেয়ার’ র গবেষণা কার্যক্রম বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ওপর গবেষণা করার জন্য ১৯৯৭ সালে ‘মাহবুব উল্লাহ ও জেবুন্নেছা ট্রাস্ট’র পক্ষ থেকে ইতিহাস বিভাগে এ গবেষণামূলক চেয়ার প্রতিষ্ঠা করা হয়। বঙ্গবন্ধুর জীবন ও তার বিভিন্ন কর্মকান্ড নিয়ে গবেষণা করাই চেয়ার প্রতিষ্ঠার উদ্দেশ্য। প্রতিষ্ঠাকালে বিশ লক্ষ টাকা নিয়ে এর ফান্ড গঠন করা হয়। নিয়মানুযায়ী, ট্রাস্ট্র প্রতি বছর একজন বিশিষ্ট ইতিহাসবিদকে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক হিসেবে নিয়োগ দেবে।
ট্রাস্টের পক্ষ থেকে ১৯৯৮ সালে প্রথম এ গবেষণার জন্য মার্কিন যুক্তরাষ্টের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত অধ্যাপক এনায়েতুর রহিমকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তিনি গবেষণা করে চলে যাওয়ার পর এ চেয়ারে গবেষণার জন্য গত ৫ বছরে অন্য কোনো শিক্ষককে নিয়োগ দেওয়া হয়নি।
ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির উদ্দিন খান মামুন এ সম্পর্কে বিডিনিউজকে বলেন, এটা বিভাগীয় কোনো ব্যাপার নয়। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ট্রাস্টের সদস্যরা শিক্ষক নিয়োগ দিলে অভিনন্দন জানাবো।
ট্রাস্টের সদস্য কাজী জাফরউল্লাহ শিক্ষক নিয়োগের ব্যাপারে বিডিনিউজকে বলেন, অধ্যাপক এনায়েতুর রহিমের যাওয়ার পর অন্য কোনো শিক্ষককে নিয়োগ দেওয়া না হলেও খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
