বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা
অব্যাহত ভারি বর্ষণে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, নেত্রকোনাসহ আরও কয়েকটি জেলায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে।
বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, অতিবৃষ্টির কারণে জেলার ১৫ টি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বন্যার পানিতে গত পাঁচদিনে চরাঞ্চলসহ নতুন নতুন অনেক এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় হাজার হাজার হেক্টর জমির আমন ধান ও শাক সবজি ডুবে গেছে।
এদিকে ভারি বর্ষণের কারণে নেত্রকোণা জেলায়ও নতুন করে বন্যা দেখা দিতে পারে বলে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র ও পানি উন্নয়ন বোর্ড জানায়।
রৌমারীর ১০ টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়ায় ১০ হাজার গ্রামবাসী পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানিতে অনেক রাস্তাঘাট ডুবে গেছে এবং ২০ টি পুকুর ডুবে কমপক্ষে পাঁচ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে।
বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, গত চারদিন ধরে বৃষ্টি অব্যাহত থাকায় যমুনা ও আত্রাই নদীর পানি বেড়ে বাদলগাছী, মহাদেবপুর, মান্দা, ধামিরহাট উপজেলার পাশাপাশি নওগাঁ শহরের এক তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়েছে। এসব উপজেলায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। লোকজনকে এখন একমাত্র যানবাহন নৌকায় চলাচল করতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যার কারণে জেলা শহরের এক লাখ বাসিন্দা এবং অন্যান্য পাঁচটি উপজেলার ১০ লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছে।
বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, বৃষ্টির পানিতে পুরো জেলা জলমগ্ন হয়ে পড়েছে। সর্বত্র দেখা দিয়েছে বন্যা। বন্যায় সৈয়দপুর ও নীলফামারী পৌর এলাকা, জেলা সদরের সোনারায়, সংগলসী, পঞ্চপুকুর, খোকশাবাড়ি ও ইটাখোলা ইউনিয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও ডিমলা উপজেলার সব ক’টি ইউনিয়ন, জলঢাকার কইমারী, শৌলমারী, ডাউয়াবাড়ি, বালাগ্রাম, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া, পুটিমারী, বড়ভিটা এবং ডোমার উপজেলার সব ক’টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংশ্লিষ্ট বিভাগ থেকে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, জেলার প্রায় ৭০ হাজার একর জমির রোপা আমন, আদা ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ১৯ হাজার পুকুর-দীঘির ৩০ হাজার মে.টন মাছ ভেসে গেছে। বন্যার পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৬৫ কিলোমিটার পাকা সড়ক, দুই হাজার কিলোমিটার কাঁচা সড়ক এবং ৭০ কিলোমিটার বাঁধ ও পাঁচ হাজার ব্রীজ-কালভার্ট।
বন্যার্তদের সাহায্যার্থে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এসব কেন্দ্রে এ পর্যন্ত ২৬ মে.টন চাল বরাদ্দ করা হয়েছে বলে জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী জানান।
এদিকে আবহাওয়া অফিস জানায়, বুধবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ২১০ মি.মি., দালিয়ায় ২০৪ মি.মি., পঞ্চগড়ে ১৭৩ দশমিক ৫ মি.মি., চিলমারীতে ১৪২ মি.মি., কাউনিয়ায় ১১৫ মি.মি. এবং দিনাজপুরে ৬৪ দশমিক ৬ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা অববাহিকার সকল পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তবে মেঘনা অববাহিকায় নদীর পানি অপরিবর্তিত রয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকার বেশিরভাগ নদীর পানি হ্রাস পেয়েছে।
৮৬ টি পয়েন্টের মধ্যে (তথ্য পাওয়া সাপেক্ষে) ৪১ টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, ৩৩ টি পয়েন্টে হ্রাস পেয়েছে, দুটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। তাছাড়া চকরহিমপুর পয়েন্টে করতোয়া, মহাদেবপুর এলাকায় আত্রাই, দুর্গাপুর এলাকায় সোমেশ্বরী ও জরিয়া-ঝাঞ্জাইল পয়েন্টে কংস নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি নুনখাওয়া পয়েন্টে ৬৫ সে.মি., চিলমারী পয়েন্টে ৫৫ সে.মি., বাহাদুরাবাদ পয়েন্টে ৩২ সে.মি., সিরাজগঞ্জ পয়েন্টে ৯ সে.মি. এবং আরিচা পয়েন্টে ২ সে.মি. বৃদ্ধি পেয়েছে।
কুড়িগ্রাম পয়েন্টে ধরলার পানি বৃদ্ধি পেয়েছে ৩৯ সে.মি.। তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে ৬০ সে.মি. এবং কাউনিয়া পয়েন্টে ২৯ সে.মি. বৃদ্ধি পেয়েছে। এদিকে করতোয়া নদীর পানি চকরহিমপুর পয়েন্টে ১৬৮ সে.মি. বৃদ্ধি পাওয়ায় তা বিপদ সীমার ২ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি জামালপুর পয়েন্টে ১৩ সে.মি. কমেছে, তবে ময়মনসিংহ পয়েন্টে ১২ সে.মি. বৃদ্ধি পেয়েছে।
গঙ্গা অববাহিকার পঞ্চগড় পয়েন্টে করতোয়া নদীর পানি ১৮ সে.মি. বৃদ্ধি পেয়েছে। দিনাজপুর পয়েন্টে পূনর্ভবা নদীর পানি বেড়েছে ৮৪ সে.মি.। এছাড়া মহাদেবপুর পয়েন্টে আত্রাই নদীর পানি ৩৭ সে.মি. বৃদ্ধি পেয়েছে এবং তা বিপদ সীমার ৮৯ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মেঘনা অববাহিকার দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি ১৫১ সেমি বৃদ্ধি পেয়েছে এবং তা বিপদ সীমার ৫০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কংস নদীর পানি জরিয়া-ঝাঞ্জাইল পয়েন্টে ৬১ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
