২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছরের শুরুতে সংসদ থেকে পদত্যাগ করবে আ. লীগ

সরকার পতন আন্দোলনের চূড়ান্ত কৌশল হিসেবে আগামী বছরের শুরুতেই সংসদ থেকে পদত্যাগ করবে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

একই সঙ্গে সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারে বিরোধী দলের দাবি মেনে নির্বাচনের জন্যে সরকারের ওপর চূড়ান্ত চাপ সৃষ্টি করবে সম্মিলিত বিরোধী দল।

সূত্র জানায়, আওয়ামী লীগ দলীয় সাংসদদের পদত্যাগপত্র ইতোমধ্যেই দলের প্রধানের কাছে জমা দেওয়া আছে। প্রয়োজন হলেই তিনি তা কার্যকর করতে পারবেন।

এর আগে ১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ১৪ দলের মহাসমাবেশ থেকে আন্দোলনের ‘সর্বাত্মক চূড়ান্ত কর্মসূচি’ দেওয়া হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে জানান, সরকারের বিরুদ্ধে গণজাগরণের অংশ হিসেবে ওই কর্মসূচিতে কমপক্ষে ১৫ লাখ লোকের সমাগম ঘটানো হবে।

দীর্ঘ প্রচেষ্টার পর আওয়ামী লীগ ও সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য সম্প্রতি কমে এসেছে।

আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠন করতে পারলে দেশ ও জাতির স্বার্থে কী কী করবে, রাষ্ট্র পরিচালনায় জাতীয় নীতিমালা কী হবে, তা নির্ধারণ করে খুব শিগগিরই ন্যূনতম জাতীয় কর্মসূচি ঘোষণা করবে ১৪ দল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে জানিয়েছেন, রোজার মধ্যেই এ কর্মসূচি চূড়ান্ত করা হবে। ১৫ নভেম্বরের মহাসমাবেশ থেকে তা ঘোষণা করা হবে।

আব্দুল জলিল বলেন, কোনও ধরনের ফাঁদ-পাতা প্রহসনের নির্বাচন বরদাশত করা হবে না। ‘১৫ ফেব্রুয়ারি মার্কা’ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের অর্থ অপচয় করলে জোটকে তার ক্ষতিপূরণ দিতে হবে।

সংসদ থেকে পদত্যাগের ব্যাপারে জানতে চাওয়া হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জোট সরকার জাতীয় সংসদকে দলীয় ‘ডিবেটিং সোসাইটি’তে পরিণত করেছে। অকার্যকর এই সংসদ থেকে কখন বের হয়ে আসবো, সময়ই তা বলে দেবে।

বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ অ্যাডভোকেট বিডিনিউজকে বলেন, সরকার পতনের আন্দোলন চাঙ্গা হলেই পরিস্থিতি বুঝে আমরা পদত্যাগ করবো। তবে আমাদের ছেড়ে আসা আসনে উপনির্বাচনের কোনও সুযোগ সরকারকে দেওয়া হবে না।

তিনি বলেন, দলের সিদ্ধান্ত হলেই আমরা সংসদ থেকে পদত্যাগ করে বেরিয়ে আসবো। এ ব্যাপারে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ বিডিনিউজকে বলেন, সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে যে কোনও মুহূর্তে পদত্যাগের জন্যে আমরা প্রস্তুত। তবে শুধু আমরা পদত্যাগ করলেই হবে না। বর্তমান অচল ও অকার্যকর সংসদকে বিলুপ্ত করতে হবে। আমরা চাই অবিলম্বে সংসদ বিলুপ্ত করে নির্বাচন। তার আগে বিরোধী দলের উত্থাপিত সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন চাই আমরা।

তিনি বলেন, বছর দুয়েক আগেই আমাদের পদত্যাগপত্র দলীয় প্রধানের কাছে জমা দিয়ে রেখেছি। আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি ও সংসদীয় দলের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা সংসদ থেকে পদত্যাগের জন্যে অগ্রিম পদত্যাগপত্র জমা দিয়ে রেখেছি। আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা প্রয়োজন হলেই এটি কার্যকর করবেন।