নীলফামারীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নীলফামারীতে একটি হত্যা মামলার রায়ে প্রধান তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া আসামিদের দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দু’বছরের কারাদণ্ড দেওয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিএমএস ফরিদ বুধবার দুপুরে সৈয়দপুর শহরে চাঞ্চল্যকর আইউব হত্যা মামলার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে সাহেবপাড়ার মুন্না, বাঁশবাড়ি এলাকার সিতাব ও সাহেবপাড়ার শুক্কু। সিতাব ও শুক্কু ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
এ মামলার বাকি ১৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সৈয়দপুর শহরের সাহেবপাড়ার ইদ্রিস আলীর কন্যাকে এলাকার কয়েকজন বখাটে ছেলে প্রায়ই উত্যক্ত করতো।
নিহত আইউব এর প্রতিবাদ করায় ১৯৯৮ সালের ২৬ সেপ্টেম্বর আসামিরা তার বোন শাহানাজকে অপহরণের চেষ্টা করলে আইউব তাদের বাধা দেয়। এক পর্যায়ে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং একটি ক্লাব ঘরে আটকে রেখে তাকে নির্যাতন করে।
এলাকার লোকজন তাকে উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ ব্যাপারে নিহতের পিতা ইদ্রিস আলী ছয় জনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করলে তদন্ত শেষে মামলার আইও আদালতে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মোট ১৫ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
