পিরোজপুরের স্বরূপকাঠি পৌর এলাকায় ৪ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
পিরোজপুর জেলার স্বরূপকাঠি পৌর এলাকায় রোববার থেকে চার দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গোটা এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে।
একই সাথে স্বরূপকাঠি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছে।
সূত্র জানায়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পৌর এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মজুদকৃত পণ্যে পচন ধরেছে। ফলে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে।
কবে নাগাদ উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাতে পারেনি।
এদিকে পল্লী বিদ্যুতের এজিএম আব্দুল মালেক বিডিনিউজকে জানান, পৌর এলাকায় স্থাপিত ২৫০ কেভির ট্রান্সফরমারটি রোববার বিকল হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ অবস্থা আরও দুই/তিন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।
