২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদপত্রে নারীর সাফল্য সম্পর্কিত সংবাদ এখনও উপেক্ষিত

নারীর সাফল্য সম্পর্কিত সংবাদগুলো সংবাদপত্রে প্রতিনিয়ত উপেক্ষিত হচ্ছে। নারীর ইতিবাচক দিকের চেয়ে নেতিবাচক দিকগুলো সংবাদপত্রে বেশি তুলে ধরা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 09:07 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র নারী ও শিশু অধিকার বিষয়ক তথ্যকেন্দ্রের উদ্যোগে দেশের ১২টি জাতীয় ও ১৯৬টি আঞ্চলিক সংবাদপত্রে নারী বিষয়ে প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণে জানা যায়, নারীর শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে গত আগস্ট মাসে কোন সংবাদ প্রকাশিত হয়নি।

পর্যবেক্ষণে আরও জানা যায়, নারীর বিভিন্ন নেতিবাচক বিষয় যেমন-হত্যা, ধর্ষণ, যৌন ও অন্যান্য নির্যাতন সম্পর্কিত সংবাদ যত প্রকাশিত হচ্ছে তার বিপরীতে নারীর সাফল্য, অর্জন এবং দক্ষতা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ সম্পর্কিত বিষয়গুলো তেমনভাবে প্রকাশিত হচ্ছে না।

সংগৃহিত তথ্য থেকে জানা যায়, গত আগস্ট মাসে সমীক্ষাধীন সংবাদপত্র সমূহে ৬৪৬টি নারী ইস্যুতে সংবাদ প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৫২৬টি সংবাদ সরাসরি নারী নির্যাতনমূলক বিষয়ে প্রকাশিত হয়েছে। অবশিষ্ট ১২০টি বিষয়ে প্রকাশিত সংবাদকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংবাদ পর্যবেক্ষণে দেখা যায়, শিক্ষা ও প্রশিক্ষণ বলতে নারী শিক্ষা বৃদ্ধি, নারী-পুরুষের মধ্যে শিক্ষার হার ও সুযোগের বৈষম্য দূর করা এবং উন্নয়নে নারীকে সম্পৃক্ত করা, নিরক্ষরতা দূর করা, নারী ও শিশুর প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া, উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষে নারীর জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ প্রভৃতি বিষয়ের উপর জোর দেওয়া।

সংবাদ বিশ্লেষণে আরও জানা যায়, ইতিবাচক সংবাদ হিসেবে যেগুলো প্রকাশিত হয়েছে তাতে রয়েছে-উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য, নারী শিক্ষার ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা বা বৃত্তির সংবাদ। আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে হাঁস-মুরগী পালন, সেলাই বা এ জাতীয় প্রশিক্ষণের সংবাদও প্রকাশিত হয় সংবাদপত্রে।

যদি সংবাদপত্রগুলোতে নারীর সাফল্য ব্যাপক হারে প্রকাশিত হয় তাহলে আরও বেশি সংখ্যক নারী যেকোন কাজে অনুপ্রাণিত হবে।