বগুড়ায় হীরাসহ র্যাবের হাতে ২ চোরাকারবারী গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাট্যালিয়ান (র্যাব) সদস্যরা মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে দুজন চোরাকারবারীকে আটক করেছে।
এ সময় তাদের কাছ থেকে একটি হীরাখণ্ড উদ্ধার করা হয়েছে। কিন্তু হীরার খণ্ডটি খাটি কিনা এবং এর মূল্য কত তা নিশ্চিত হওয়া যায়নি।
গ্রেফতারকৃতরা হলো-চট্টগ্রামের ফটিকছড়ির রোহিনী দেবনাথের ছেলে মানিক দেবনাথ (৪০) ও বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউয়িনের ফুলবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আখতার হোসেন (৪৫)।
র্যাব-১০ এর একটি সূত্র জানায়, ঢাকায় হীরা কেনাবেঁচা চলছে এমন খবর পেয়ে বেশ কিছুদিন ধরে ক্রেতা সেজে ও সোর্সের মাধ্যমে চোরাকারবারীদের সাথে যোগাযোগ করা হয়। পরে তারা হীরা দেখানোর জন্য তাদের বগুড়ার শেরপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় আসতে বলে। মেজর জিহাদুজ্জামান জিহাদের নেতৃত্বে র্যাব-১০’এর কয়েকজন সদস্য বেলা ১টায় বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় সাদা পোশাকে অবস্থান নেন। এ সময় ক্রেতা সেজে র্যাব সদস্যরা শেরপুর বাসষ্ট্যান্ড বহুমুখী সঞ্চয় সমিতির কার্যালয়ের সামনে দাঁড়ালে সেখানে মানিক ও আখতার তাদের পেপার ওয়েট সাইজের একখন্ড হীরা দেখায়। এ সময় র্যাব সদস্যরা তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। সূত্রটি আরও জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক চোরাকারবারী দলের সক্রিয় সদস্য।
হীরাটি আসল হলে এর দাম কমপক্ষে পাঁচ কোটি টাকা হবে।
