২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জঙ্গি রিমান্ডে, জেএমবি’র ‘হিট স্কোয়াড’র সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার

তিন জেলায় ৩ অক্টোবরের বোমা হামলায় ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃত পাঁচ জঙ্গি মঙ্গলবার পুলিশ রিমান্ডে নিষিদ্ধ ঘোষিত জামা’তুল মুজাহিদীনের (জেএমবি) ‘হিট স্কোয়াড’র সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

চট্টগ্রাম, চাঁদপুর ও লক্ষ্মীপুরে আদালতের এজলাসে ওই হামলায় দু’জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়।

চট্ট্রগামের দুই আদালতে বোমা হামলার পরপরই গ্রেপ্তার হওয়া লাল্টু পুলিশের কাছে স্বীকার করে ‘শাহেদ নাসরুল্লাহ আল আরাফাত ব্রিগেডের (এসএনএবি)’ সদস্যরা ৩ অক্টোবরের বোমা হামলা পরিচালনা করে।

আইন প্রয়োগকারী ও গোয়েন্দা বিভাগের সদস্যদের জিজ্ঞাসাবাদে লাল্টু আরও জানায়, সে এবং শাহাদাত ১৭ আগস্ট কক্সবাজারে বোমা হামলা পরিচালনা করে।

পুলিশ জানায়, লাল্টু ও শাহাদাত উভয়ের বাড়িই ঠাকুরগাঁও জেলায়। সেপ্টেম্বরের ২৯ তারিখে তারা বন্দর নগরীর কাট্টলিতে একটি বাড়ি ভাড়া নেয়। চট্টগ্রামের কমান্ডার মোহাম্মদের নির্দেশে তারা অক্টোবরের ১ তারিখ ওই বোমা তৈরি করে।

গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার একেএম মোশাররফ হোসেন মিয়াজি জানান, লাল্টু মোহাম্মদের সেকেন্ড ইন কমান্ড। অন্যদিকে, স্বীকারোক্তিতে লাল্টু জানায়, বিস্ফোরণের পর মেহেদি নামে তাদের অপর এক সহযোগী পালিয়ে যায়।

পুলিশ মঙ্গলবার লাল্টু ও শাহাদাতকে আদালতে তোলা হলে আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্যে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে এ সময় তারা অসুস্থ ছিল বলে সূত্র জানায়। সন্দেহভাজন আটক অপর চারজনকে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের যুগ্ম জেলা জজ আদালতের এজলাসে বোমা হামলার সময় হাতেনাতে আটক সোহরাব হোসেন বিল্লাল ও আবুল কালাম নিজেদের নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে।

স্বীকারোক্তি অনুযায়ী, কালাম চাঁদপুরে ১৭ আগস্টের বোমা হামলায়ও জড়িত ছিল।

তারা দীর্ঘদিন ধরে জঙ্গিবাদীদের অনুসারি হয়ে কাজ করছে বলে জানায়। এ জন্যে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কালাম দেড় বছর এবং বিল্লাল ২/৩ মাস আগে জেএমবিতে যোগ দেয়।

জনৈক গালিব সোমবার তাদের চাঁদপুর বাস স্ট্যান্ড পেট্রোল পাম্প এবং স্টেডিয়ামের কাছে বোমাসহ নামিয়ে যায়।

চাঁদপুরের একজন গোয়েন্দা পুলিশ জানান, নিক্ষিপ্ত বোমা জঙ্গিরা কুমিল্লা থেকে নিয়ে আসে।

পুলিশ সুপার বিএম হারুন অর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, বোমা হামলাকারী কালাম ও বিল্লালকে সারারাত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কালাম জানায়, ১৬ আগস্ট সে এবং আরও ছয়জন চাঁদপুর সদরের এক বাড়িতে রাত কাটায়। পরের দিন শহরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ঘটায়। সোমবারের ঘটনায় কালাম ও বিল্লাল ছাড়াও পৃথক টিম কাজ করেছে বলে পুলিশ সুপার জানান।

পুলিম জানায়, তাদের সহযোগী ও নেটওয়ার্ক চিহ্নিত করতে তাদের ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, কালাম ও বিল্লালকে জিজ্ঞাসাবাদের জন্যে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

বিডিনিউজ লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, বিস্ফোরণের পর গ্রেপ্তারকৃত মাছুম পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে নিজেকে জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্য বলে স্বীকার করে। মাছুম আরও জানায়, তাকে উদ্ধারের জন্যে তার সঙ্গীরা কোর্ট বারান্দায় দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটায়।

মাছুমের বাড়ি নায়ায়ণগঞ্জ জেলার বন্দর থানার আলীনগর গ্রামে। তাকে মঙ্গলবার পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে সে স্বীকার করে অপর তিন সহযোগী নিয়ে সে জেলার জজ কোর্ট ভবনে বোমা হামলা করে।