মান্নান ভুঁইয়ার সঙ্গে পাকিস্তানি মন্ত্রীর সাক্ষাৎ
পাকিস্তানের সফররত স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী বিচারপতি (অব.) আবদুল রাজ্জাক থাহিম মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়ার সাথে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এসময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও উভয় দেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের বিভিন্ন দিক এবং আগামী নভেম্বর মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় স্যানিটেশন সংক্রান্ত সম্মেলন ‘স্যাকোসান’ ইস্যু নিয়ে আলোচনা করেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, পাকিস্তান বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু দেশ। পারস্পারিক স্বার্থে উভয় দেশের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নভেম্বরের শেষ সপ্তাহে সার্কভুক্তদেশগুলোর সমন্বয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে স্যাকোসান সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিনদিনব্যাপী স্যাকোসান সম্মেলনে সার্কভুক্ত দেশগুলো ছাড়াও মায়নমার ও আফগানিস্তানের প্রতিনিধিরা যোগ দেবেন।
ওই সম্মেলনে বাংলাদেশের পক্ষে এলজিআরডি মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আলমগীর বাবর এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্মসচিব কামরুল হাসান এসময় উপস্থিত ছিলেন।
