চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য শুরু হতে যাচ্ছে কম্পিউটার-ভিত্তিক শিক্ষা প্রকল্প
চট্টগ্রামের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রিলিফ ইন্টারন্যাশনাল স্কুল্স অনলাইন কম্পিউটার-ভিত্তিক শিক্ষা প্রকল্প চালু করতে যাচ্ছে। এক বিবৃতিতে স্কুল্স অনলাইন এ কথা জানিয়েছে।
বন্দর নগরীর ১৪টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুলে টেলি-সেন্টার স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন বিষয়ে কম্পিউটার-ভিত্তিক শিক্ষা দিতে সংস্থাটি পরিকল্পনা গ্রহণ করেছে।
মাহমুদুন্নবী চৌধুরী ফাউন্ডেশন প্রকল্পের স্থানীয় অংশীদার হিসেবে কাজ করবে।
প্রকল্পের বিভিন্ন দিক আলোচনা করতে সংস্থার প্রতিনিধি ১ অক্টোবর ফাউন্ডেশনের চট্টগ্রাম অফিসের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।
কম্পিটার সম্পর্কিত আধুনিক সুযোগ-সুবিধাগুলো সহজে গ্রহণ করে শিক্ষার্থী-শিক্ষক এবং ওই স্কুলের আশেপাশে বসবাসরত জনগণ তাদের জ্ঞানের পরিধি বাড়াতে পারে সে লক্ষ্যে প্রকল্প কাজ করে যাচ্ছে।
দ্য রিলিফ ইন্টারন্যাশনাল ইতোমধ্যে গাজীপুর, টঙ্গি, কুমিল্লা এবং ঢাকায় এরকম প্রকল্পের কাজ শুরু করেছে।
