২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়ার মাধ্যমে অভিযোগ না করে সরাসরি আলোচনা চায় ভারত

বিডিআর মহাপরিচালকের বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন সোমবার মিডিয়ার মাধ্যমে অভিযোগ করার পরিবর্তে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

এক বিবৃতিতে হাই কমিশন জানায়, দু’দেশের বন্ধুত্ব ও সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে মিডিয়ার মাধ্যমে অভিযোগ করার পরিবর্তে আমাদের উচিত সরাসরি আলোচনার মাধ্যমে এ সম্পর্কিত সন্দেহ দূর করা এবং অভিযোগ খণ্ডণ করা।

বিবৃতিতে বলা হয়, বিডিআর মহাপরিচালকের বক্তব্য নিয়ে বাংলাদেশের সংবাদপত্রগুলোতে প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে ভারতীয় হাই কমিশন উদ্বিগ্ন। এতে আরও বলা হয়, নয়াদিল্লিতে সম্প্রতি বিডিআর এবং বিএসএফ মহাপরিচালকের মধ্যকার আলোচনার সময় বিডিআর মহাপরিচালক ১৭ আগস্টের বোমা হামলার সাথে ভারতীয় সন্ত্রাসীরা জড়িত বলে যে বক্তব্য দিয়েছেন, ভারতের পক্ষ থেকে এর কোনও প্রতিবাদ জানানো হয়নি।

তাছাড়া মিডিয়াতে বিডিআর মহাপরিচালকের যে বক্তব্য প্রকাশিত হয়েছে তাকে সমর্থন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকও (বহিঃ প্রচার বিভাগ) বক্তব্য দিয়েছেন।

এটি একেবারেই ঠিক নয় এবং ভুল বোঝাবুঝির ব্যাপার। এ অভিযোগ যে মিথ্যা নয়াদিল্লিতে অনুষ্ঠিত আলোচনার সময়ই বিএসএফ মহাপরিচালক তা প্রমান করে দিয়েছেন।

এদিকে, ৩০ সেপ্টেম্বর ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে, বিএসএফ ও বিডিআর মহাপচিালকের মধ্যে গঠনমূলক ও কার্যকর বৈঠকের পরও এ ধরনের অভিযোগ ভিত্তিহীন ও অপমানজনক।

হাইকমিশনের এ বিবৃতিতে উল্লেখ করা হয়, বোমা হামলার পর সাতক্ষীরায় গিায়াসউদ্দিন নামে এক ভারতীয় নাগরিক আটকের ভিত্তিতে বিডিআর মহাপরিচালক ভারত সরকারকে দোষারোপ করেন।

বাংলাদেশের মিডিয়ায় ভারতীয় নাগরিক গ্রেফতারের খবর প্রকাশিত হলে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে গত ৬ সেপ্টেম্বর ভারতীয় ওই নাগরিকের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে বাংলাদেশ সরকারের কাছে যাবতীয় তথ্য চেয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আটককৃত ব্যক্তি যে ভারতীয় নাগরিক তা নিশ্চিত করতে ভারতীয় কর্মকর্তাদের সাহায্য নেওযার জন্যেও ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। কিন্তু দুঃখজনক যে, হাইকমিশনের এ আহ্বানে বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও সাড়া পাওয়া যায়নি।