চাঁদপুরের ২ বোমা হামলাকারীর স্বীকারোক্তি : ১৭ আগস্টের হামলায়ও ১ জন জড়িত ছিল
চাঁদপুরের যুগ্ম জেলা জজ আদালতের এজলাসে বোমা হামলার সময় হাতেনাতে আটক সোহরাব হোসেন বিল্লাল ও আবুল কালাম নিজেদের নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে।
স্বীকারোক্তি অনুযায়ী, কালাম চাঁদপুরে ১৭ আগস্টের বোমা হামলায়ও জড়িত ছিল।
তারা দীর্ঘদিন যাবত জঙ্গিবাদীদের অনুসারি হয়ে কাজ করছে বলে জানায়। এ জন্য তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। কালাম দেড় বছর এবং বিল্লাল ২/৩ মাস আগে জেএমবিতে যোগ দেয়।
গত সোমবার জনৈক গালিব তাদেরকে চাঁদপুর বাস স্ট্যান্ড পেট্রোল পাম্পের কাছে এবং স্টেডিয়ামের কাছে বোমাসহ নামিয়ে যায়।
চাঁদপুরের একজন গোয়েন্দা পুলিশ জানান, নিক্ষিপ্ত বোমা জঙ্গিরা কুমিল্লা থেকে নিয়ে আসে।
পুলিশ সুপার বি.এম হারুন অর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, বোমা হামলাকারী কালাম ও বিল্লালকে সারারাত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কালাম জানায়, ১৬ আগস্ট সে এবং আরও ছয়জন চাঁদপুর সদরের এক বাড়িতে রাত কাটায়। পরের দিন শহরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ঘটায়। গত সোমবারের ঘটনায় কালাম ও বিল্লাল ছাড়াও পৃথক টিম কাজ করেছে বলে পুলিশ সুপার জানান।
তিনি আরও বলেন, কালাম ও বিল্লালকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
