নাশকতার আশংকায় খুলনা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সেনা মোতায়েন
নাশকতামূলক কর্মকাণ্ডের আশংকায় খুলনার গুরুত্বপূর্ণ স্থাপনা-গোয়ালপাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সেনা মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার পর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বড় ধরনের নাশকতার আশংকা রয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট করে। এর ভিত্তিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি তালিকা তৈরি করে সেসব স্থানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনার গুরুত্বপূর্ণ স্থাপনা তালিকার শীর্ষে রয়েছে গোয়ালপাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সে হিসেবে প্রথম এ স্থানে সেনা মোতায়েন করা হলো।
বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, সেনাবাহিনী শনিবার থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন শুরু করেছে। মহানগরীর আরও দু’একটি স্থানে সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
পাঁচ ছয় মাস পূর্বেও এ বিদ্যুৎ কেন্দ্রটিতে সেনা মোতায়েন ছিল। উর্ধ্বতন মহলের নির্দেশে তখন সেনা প্রত্যাহার করা হয়। শনিবার থেকে আবার সেনা মোতায়েন করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেনা মোতায়েন থাকবে বলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা যায়।
