২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি নিবন্ধন ও হস্তান্তর আইনের সংশোধনী স্থগিত করেছেন হাইকোর্ট

হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রোববার এক রায়ে ভূমি নিবন্ধন ও হস্তান্তর সংক্রান্ত আইনের সংশোধনী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি নির্মলেন্দু ধরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ কেন এ দুটি সংশোধনীকে অসাংবিধানিক এবং অবৈধ বলা হবে না সে ব্যাপারে কারণ দর্শানোর জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী আতাউর রহমান সরকারের এ দুটি সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। তার আবেদনের প্রেক্ষিতে রোববার হাইকোর্ট এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, ভূমি নিবন্ধন আইন ২০০৪ এর হেবা, বণ্টননামা এবং বায়নানামার যে বিধান রাখা হয়েছে তা সংবিধান ও মুসলিম আইনের পরিপন্থী।

তাছাড়া ভূমি হস্তান্তর আইন (সংশোধনী) ২০০৪ এ ভূমি হস্তান্তরের ক্ষেত্রে সর্বশেষ খতিয়ানের যে বিধান রাখা হয়েছে তা হয়রানিমূলক বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট নূরুজ্জামান।