২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিনের বর্ষণে দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত, বৃষ্টিপাত আরো দুদিন থাকবে, ভারী বর্ষণের সংকেত

ঢাকাসহ সারাদেশে টানা তিন দিনের বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি উপেক্ষা করেই রোববার মানুষ কাজে বের হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

এদিকে প্রবল বর্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক স্থানে বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিশ্ব বেড়ি বাঁধের প্রায় দুই কিলোমিটার অংশ বিধ্বস্ত হয়েছে। নওগাঁ শহরসহ জেলার নিম্নাঞ্চল এখন হাঁটু পানির নিচে রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে আরো দুদিন একই অবস্থা থাকবে। দেশের বিভিন্ন স্থানে হাল্কা থেকে মাঝারি ধরনের বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দেশের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

লঘুচাপটি আগামী মঙ্গলবারের মধ্যে ভারতের উড়িষ্যা উপকুলসহ আশেপাশের এলাকায় ভূমিতে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় স্থানীয়ভাবে ঝড়ো গতিতে বাতাসসহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় বিভিন্ন এলাকায় অতি ভারী বর্ষণের সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ সময় দেশের সমূদ্র উপকুলে ৩ নম্বর ও অভ্যন্তরীণ নৌ-বন্দরগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার রাজধানী ঢাকায় তেমন ভারী বর্ষণ না হলেও দিনভর থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। টানা তিন দিন বৃষ্টিপাতের কারণে রোববার বৃষ্টি উপেক্ষা করেই মানুষ কাজে বের হয়।

প্রথম দুদিনের ভারী বর্ষণের ফলে বিভিন্ন সড়ক ও এলাকায় জমে যাওয়া পানি নেমে গেলেও নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা দেখা যায়। এসব পানি নামতে আরো সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিডিনিউজের নোয়াখালী প্রতিনিধি জানান, তিনদিনের প্রবল বর্ষণ ও জলোচ্ছাসে কোম্পানীগঞ্জ উপজেলার চরদিয়ারা, বালুয়া গুচ্ছগ্রাম, মুছাপুর বনভিাগ থেকে চর লেংটা স্লুইস গেট পর্যন্ত বেড়িবাঁধ বিধ্বস্ত হয়। ওই এলাকার প্রায় পাঁচ হাজার পরিবারের ৩০ হাজার মানুষ সেখানে মানবেতর জীবনযাপন করছে। তারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

চরদিয়ারা বালুয়া গুচ্ছগ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য জয়নাল আবেদীন জানান, গত এক সপ্তাহে এ অঞ্চলে ১০টি বাড়ি ভেঙ্গে গেছে। বিলীন হয়েছে অসংখ্য ফসলি জমি। গুচ্ছগ্রাম জুনিয়র উচ্চ বিদ্যালয়, গুচ্ছগ্রাম রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মরহুম হাফেজ আব্বাসিয়া মাদ্রাসা, পাঁচটি মসজিদসহ বিভিন্ন অফিস ও বাড়ি ঘর এখন হুমকির মুখে।

বিডিনিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, টানা বর্ষণে জেলার চারটি উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জেলার মেঘনা, রহমতখালি, ভূলুয়া ও ডাকাতিয়া নদী এবং ওয়াপদা খালসহ বিভিন্ন খালে পানি বৃদ্ধি পেয়েছে।

রামগতি উপজেলার সেবাগ্রাম, গাবতলী, চরকালকিনি ও চর আলেকজান্ডারসহ বিভিন্ন উপকুলীয় এলাকায় মেঘনায় ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে।

বিডিনিউজের নওগাঁ প্রতিনিধি জানান, টানা বর্ষণে জেলার নিম্নাঞ্চল প্লাবিত ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। সুষ্ঠু পানি নিস্কাশন ব্যবস্থার অভাবে শহরের রাস্তঘাট ও নিম্নাঞ্চল ডুবে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা।

বিডিনিউজের কলাপাড়া প্রতিনিধি জানান, টানা বর্ষণে পটুয়াখালি জেলার কলাপাড়া পৌর এলাকার ১০টি মহল্লার নিম্নাঞ্চলসহ বিভিন্ন গ্রামের নিচু এলাকার ফসলী জমি ডুবে গেছে। সাগর ভয়াবহ উত্তাল হওয়ায় পাঁচ শতাধিক মাছ ধরার ট্রলার মহীপুর ও আলীপুরে নিরাপদ আশ্রয় নিয়েছে।

বিডিনিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কয়েকদিনের মতো রোববারও জেলায় দিনভর বৃষ্টিপাত হয়। এতে জেলার জনজীবন চরমভাবে বিপন্ন হয়। সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বিকেল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে। বৃষ্টির কারণে দোকানপাট খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল নগণ্য। স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারে কম। অনেক স্কুল ও কলেজে কোনো ক্লাস হয়নি। সড়কগুলোতে যানবাহনও ছিল অত্যন্ত কম।