অবহেলিত কন্যা শিশু: উন্নয়নের অন্ধকার অধ্যায়
দেশে ২০০৪ সালে ধর্ষণের শিকার হয়েছে ৩২৭ জন শিশু। এদের মধ্যে ৩৫ জনকে পরে হত্যা করা হয়। এর আগে ২০০৩ সালে কন্যা শিশু ধর্ষণের ঘটনা ছিল আরও বেশি, ৬৩৫টি। এই হচ্ছে বাংলাদেশের কন্যা শিশু নিপীড়নের চিত্র। এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা, এমনকি ন্যূনতম মানবাধিকারবঞ্চিত কন্যা শিশু নির্যাতনের হার আঁৎকে ওঠার মতো।
অনেক কন্যা শিশুকে জোরপূর্বক যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে। স্বেচ্ছাসেবী এক সংগঠনের জরিপে দেখা যায়, এ ব্যবসায় প্রায় ৪০ শতাংশ নারীকে জোরপূর্বক নিয়ে আসা হয়, যাদের বয়স ১৬ বছরের নিচে। আর এদের সংখ্যা প্রায় এক লাখের মতো। এছাড়া গত তিন দশকে যৌন ব্যবসার উদ্দেশ্যে ১০ লাখেরও বেশি কন্যা শিশুকে বিদেশে পাচার করা হয়েছে।
ইউনিসেফ জানায়, বাংলাদেশের গ্রামাঞ্চলে কাজ করা শিশুর ৭৪ শতাংশ কৃষির সাথে জড়িত এবং এদের বেশির ভাগই কন্যা শিশু। এক্ষেত্রে ১৫ বছরের নিচের সকলকে শিশু হিসেবে ধরা হয়েছে।
শ্রম জরিপে দেখা যায়, শিশু শ্রমিক হিসেবে দেশের ১০ থেকে ১৪ বছর বয়সের ২ লাখ ৩০ হাজার কন্যা শিশু এবং ১৫ থেকে ১৯ বছরের ৫০ হাজার কিশোরী ও তরুণী কাজ করছে। এদের মধ্যে ১৬ শতাংশ গৃহপরিচারিকার কাজ করে থাকে। এ কাজ করতে গিয়ে নানা সময় তারা শারীরিক নির্যাতন এবং যৌন হয়রানির শিকার হওয়ার ভয়ে থাকে।
কেবল ঢাকায়ই রয়েছে তিন লাখের বেশি গৃহপরিচারিকা। তাছাড়া গার্মেন্টেসে কর্মরত শ্রমিকদের মধ্যেও ব্যাপক হারে কন্যা শিশু লক্ষ্য করা যায়।
দেশ বিদেশে কন্যা শিশুর দুর্বিসহ অবস্থা সমাজের প্রকৃত উন্নয়নের জন্যে একটি সতর্কতা সংকেত। ব্যানবেইসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ১৫ লাখ কন্যা শিশু স্কুলে যায় না। আর যারা স্কুল যায়, তাদের মধ্যে ৩৩ শতাংশ প্রাথমিক স্তর শেষ করার আগেই ঝরে পড়ে।
নারী উন্নয়ন কেন্দ্র’র এক পরিসংখ্যানে দেখা যায়, প্রাথমিক পাস করা ৭০ ভাগ কন্যা শিশু মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয় না।
জাতিসংঘ পরিচালিত ওয়ার্ল্ড ফার্টিলিটি সার্ভের (১৯৯৩) এক পরিসংখ্যানে দেখানো হয়, বাংলাদেশের প্রায় সকল দম্পতি চায় তাদের পুত্র সন্তান হোক। এ কারণে কন্যা শিশু ছেলে শিশুর মতো সমান সুবিধা পায় না।
একটি জাতীয় পুষ্টি জরিপের প্রতিবেদনে বলা হয়, এক থেকে চার বছরের মধ্যে কন্যা শিশুর জন্মহার ছেলে শিশুর চেয়ে ২৭ শতাংশ বেশি। কিন্তু গ্রামাঞ্চলে মেয়ে শিশুর প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে তারা চরম পুষ্টিহীনতায় ভোগে। এর কারণে তারা উন্নয়নে শারীরিক ও মানসিকভাবে খুব একটা সহযোগিতা করতে পারে না।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন দেখিয়েছিলেন, নিপীড়ন, বৈষম্য ও অবহেলার কারণে ১০০ মিলিয়নেরও বেশি কন্যা শিশু সমাজে টিকে থাকতে পারে না।
প্রযুক্তির কারণে এখন আগে থেকেই জানা সম্ভব আগত শিশুটি মেয়ে না ছেলে। এ প্রযুক্তি ব্যবহার করে ভারত, চীন, তাইওয়ান, সিঙ্গাপুুর ও দক্ষিণ কোরিয়ায় মেয়ে শিশুর ভ্রুন নষ্ট করার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে।
এ বিষয়ে কাজ করা উন্নয়ন কর্মী কান্তি কানিজা বলেন, কন্যা শিশুরা বৈষম্যের শিকার হচ্ছে। এটি দূর করতে হবে। তিনি বলেন, সমাজের ভালোর জন্যেই কন্যা শিশুর প্রতি এ দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।
কন্যা শিশুর অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন বেসরকারি সংগঠন ৩০ সেপ্টেম্বর ‘জাতীয় কন্যা শিশু দিবস’ পালন করলেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যোগ নেয়া হয়নি।
