২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর গ্রামে পূজামণ্ডপে পুলিশের হামলা, আয়োজন বন্ধ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি রাজ্জাকুল ইসলাম রাজা পুলিশ দিয়ে হামলা চালিয়েছেন জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ি চণ্ডীমণ্ডপে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 06:51 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

পূজারিরা আতঙ্কগ্রস্ত হয়ে বন্ধ করে দেন দুর্গাপূজার আয়োজন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার চাঁদখানা থেকে বাড়ি ফেরার পথে মণ্ডপের পূজারিরা ওই বিএনপি নেতার কাছে পূজা আয়োজনের জন্যে চাঁদা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে তাদের গ্রেপ্তারের জন্যে থানার ওসিকে নির্দেশ দেন। ওসি সেখানে বাহিনী পাঠালে অধীর নামে এক দারোগা পুজারিদের বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে।

এ ঘটনার পর ভয়ার্ত পূজারিরা পূজার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখলে শনিবার থানার ওসি আবদুল মান্নান স্থানীয় কয়েকজন নেতাকে নিয়ে ওই এলাকায় গিয়ে তাদের অভয় দেওয়ার চেষ্টা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি রাজ্জাকুল ইসলাম রাজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা চাঁদাবাজি করছিলো আমি, পুলিশকে তা বলেছি। পরে পুলিশ কী করলো, তা নিয়ে আমার কিছু যায় আসে না।

ওসি আবদুল মান্নান দারোগা কাউকে মারপিট করেছে কি-না, তা জানেন না বলে দাবি করলেও শনিবার ওই গ্রামে গিয়ে ঘটনাটি মিটমাট করে দিয়ে এসেছেন বলে জানান।