স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
স্বরাষ্ট্রমন্ত্রীর অতিরিক্ত ব্যক্তিগত কর্মকর্তা (এপিও) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
সোমবার রংপুরের কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাসেল মিয়া নামে ২২ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
রাসেলের কাছ থেকে ‘প্রতারণার কাজে ব্যবহৃত’ দুটি মোবাইল ফোন, দুটি সিম, ১৬টি ভিজিটিং কার্ড (স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও পরিচয় লেখা) এবং একটি সিল (স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও পরিচয়ের) উদ্ধার করার কথা বলেছে সাইবার পুলিশ।
“ধানমণ্ডি আওয়ামী লীগ অফিস নেতাকর্মীদের জন্য উন্মুক্ত থাকার সুযোগে রাসেল ধানমণ্ডি পার্টি অফিসে আসত। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার সু-সম্পর্ক গড়ে উঠে। পার্টি অফিসে ছবি তুলে সে ছবি তার নিজ ফেইসবুক আইডিতে শেয়ার করে।
“তার আপলোড করা ছবি ব্যবহার করে নিজ এলাকাসহ রংপুর জেলার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে নিজেকে পরিচিত করে সে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও পরিচয় দিয়ে ভুয়া ভিজিটিং কার্ড বানিয়ে তা সকলের মাঝে বিতরণ করে।”
ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, রাসেল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ‘চাকরির প্রলোভন, বিভিন্ন রাজনৈতিক সমস্যার সমাধান, পুলিশে লোক নিয়োগ, পুলিশ ক্লিয়ারেন্স, বদলি, এলাকার মামলা নিষ্পত্তি সংক্রান্ত তদবির করে’ বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করছে।
এ ধরনের এক ভুক্তভোগী সোমবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি প্রতারণার মামলা করে। ওই দিনই রংপুরে বিশেষ অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
