২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে অতিরিক্ত ডিআইজির ১৩৯ পদে রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি পদের ১৩৯ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 09:45 PM

Updated : 02 Aug 2022, 02:01 PM

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক তিনটি আদেশে এই রদবদল করা হয়।

এর মাধ্যমে সম্প্রতি পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পাওয়া ১১৬ জন অতিরিক্ত ডিআইজির পদায়ন হয়েছে।

একটি আদেশে সম্প্রতি ডিআইজি হিসেবে (ডিএমপিতে অতিরিক্ত কমিশনার) পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সেখানে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কর্মস্থল পাওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এবং কিশোরগঞ্জের এসপি মাশরুকুর রহমান খালেদকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

বরিশালের এসপি মারুফ হোসেন, পাবনার এসপি মহিবুল ইসলাম খান, ফরিদপুরের এসপি আলিমুজ্জামান ও বরিশাল মহানগর পুলিশের ডিসি মোকতার হোসেনকে র‌্যাবের পরিচালক (অধিনায়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন রদবদলে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে নয়জনকে পদায়ন করা হয়েছে। তারা হলেন- সিলেটের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান, নারায়ণগঞ্জের এসপি জায়েদুল আলম, নাটোরের এসপি লিটন কুমার সাহা, ডিএমপির ডিসি টুটুল চক্রবর্তী ও সঞ্জিত কুমার রায়, রেল পুলিশের এসপি সাইফুল্লাহ আল মামুন, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক খোন্দকার নুরুন্নবী এবং চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি এস এম মেহেদী হাসান।