ছাত্রকে যৌন নিপীড়ন: রোকনুজ্জামান দুই দিনের রিমান্ডে
তৃতীয় শ্রেণীর এক ছেলে শিশুকে যৌন নিপীড়নের মামলায় ঢাকার রামপুরার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রোকনুজ্জামান খানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই (নিরস্ত্র) তওফিকা ইয়াসমিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি পেশায় একজন শিক্ষক হলেও তিনি দুশ্চরিত্রের অধিকারী। ওই শিক্ষকের পরিবার গ্রামে থাকে, তিনি ঢাকায় মেসে থাকেন। দীর্ঘদিন ধরে তিনি স্কুলের বিভিন্ন ছাত্রদের ওপর নিপীড়ন চালিয়ে আসছিলেন বলে তথ্য মিলেছে।
আসামির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গাজী শাহ আলম, বর্তমান সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষে জলিল আফরাদ কবীর, আশরাফুল আলম ভূঁইয়া রিমান্ড মঞ্জুরের আবেদন করেন।
গত ২২ জুন রামপুরা থানায় মামলা হওয়ার পরপরই ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছিলেন,শিশুটি যে স্কুলে পড়ে সে স্কুলের বাংলা শিক্ষক রোকনুজ্জামান গত প্রায় দুই মাস ধরে তার ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
শিশুটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “স্কুলে টিফিনের বিরতি বা ক্লাস বিরতির সুযোগে ওই শিক্ষক আমার ছেলেকে বাথরুমে বা নিরিবিলি কোনো জায়গায় নিয়ে নির্যাতন চালাত।
“গত মার্চ মাস থেকে আদরের ছলে কাছে টেনে নিত এবং মে মাসের প্রথম দিকে নির্যাতন শুরু করে। এ মাসেও কয়েকবার নির্যাতন চালিয়েছে। কাউকে বলে দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে আমার সন্তানকে।”
অপর এক পরিচিত শিক্ষকের মাধ্যমে রোকনুজ্জামানকে ছেলেটির প্রাইভেট শিক্ষক হিসেবেও চূড়ান্ত করা হয়েছিল বলে জানিয়েছিলেন ওসি রফিকুল ইসলাম।
“শিক্ষক রোকনুজ্জামান প্রথম দিন বাসায় এসে শিশুর বাবা মাকে বলেছিলেন, তিনি দরজা লাগিয়ে পড়াতে চান। এদিকে বাসায় ওই শিক্ষককে দেখে শিশুটি অস্বাভাবিক আচরণ শুরু করে এবং তার কাছে পড়তে আপত্তি জানায়। পরে ওই দিন শিক্ষক চলে যান।
“বিষয়টি পরিবারের কাছে অন্য রকম মনে হলে তারা শিশুটিকে এক মনোচিকিৎসকের কাছে নিয়ে যান। কথা বলার এক পর্যায়ে চিকিৎসকের কাছে নির্যাতনের পুরো ঘটনা খুলে বলে শিশুটি।”
