২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপন কক্ষে ‘ডাকাত’ ঠেকাতে কী কৌশল সিইসির?

ভোট গ্রহণের যন্ত্রে কোনো ত্রুটি নেই দাবি করলেও গোপন কক্ষে যেখানে শুধু ভোটারের থাকার কথা, সেখানের অবাঞ্ছিত ব্যক্তির উপস্থিতিকেই সমস্যা হিসেবে দেখছিল নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 11:07 PM

Updated : 02 Aug 2022, 01:50 PM

অবাঞ্ছিত সেই ব্যক্তিদের, যাদের ‘ডাকাত’ হিসেবে চিহ্নিত করেছিলেন একজন নির্বাচন কর্মকর্তা, তাদের ঠেকানোর কৌশল বের করে ফেলেছেন সিইসি কাজী রকিবুল আউয়াল।

সোমবার ঢাকায় নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে নিজের সেই কৌশল ঠিক করার কথা তিনি জানিয়েছেন। তবে কী সেই কৌশল, তা প্রকাশ করেননি।

দেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরুর পর জাল ভোট দেওয়ার সুযোগ বন্ধের দাবি ইসি করলেও দেখা দিয়েছিল নতুন উপদ্রব। কয়েকটি নির্বাচনে দেখা দিয়েছিল, ভোটার গোপন কক্ষে ঢুকে ইভিএমে ব্যালট খোলার পর সেখানে অবাঞ্ছিত ব্যক্তি ভোট দিয়ে দিচ্ছে।

সম্প্রতি কুমিল্লা নির্বাচনের আগে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছিলেন, “ইভিএমের মধ্যে চ্যালেঞ্জ একটাই।

“সেটা হচ্ছে- একটা ডাকাত, সন্ত্রাসী, ওই গোপন কক্ষে একজনকে দাঁড়িয়ে রাখা। আপনার ভোট হয়ে গেছে, চলে যান। দিজ ইজ দ্য চ্যালেঞ্জ।”

ইভিএমের চ্যালেঞ্জ শুধু গোপন কক্ষে ‘ডাকাত’: আহসান  

সোমবার নির্বাচন ভবনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথায় সিইসি হাবিবুল আউয়াল ‘ডাকাতের’ প্রসঙ্গ আনেন। 

তিনি বলেন, “মাননীয় কমিশনার ব্রিগেডিয়ার আহসান সাহেব বলেছিলেন, ওখানে (গোপন কক্ষে) একজন ডাকাত থাকে। আমি আগে জানতাম না যে একজন ডাকাত থাকে।

“এখন যেহেতু আমরা জেনেছি। সেটা কীভাবে ওভারকাম করব, সে কৌশলও আমরা চিন্তাভাবনা করেছি। কিন্তু, আপনাদেরকে বলছি না।”

কুমিল্লার ভোট কেন্দ্রে সিসি ক্যামেরাও বসিয়েছিল ইসি। তবে এমন অবাঞ্ছিত ব্যক্তি চিহ্নিত করতে পারেনি। তবে ভোজাল ভোট ও অনিয়মের কারণে অন্তত ১১ জনকে আটক করা হয়।

এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন জানিয়ে তাতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন সিইসি।

“আপনারা ক্যামেরা নিয়ে থাকেন, তাহলে এই ডাকাতটাকে ছবি তুলে আনতে পারেন। আর কিছু না হোক সঙ্গে সঙ্গে ওই ভোট (ভোটকক্ষের) বাতিল হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে ডাকাতকে চিহ্নিত করা গেলে তাকে আইনের হাতে তুলে দেব।”

সবার সহযোগিতা পেলে কমিশনের প্রচেষ্টা সফল হবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা চেষ্টা করব। হয়ত ১০০ ভাগ সফল হবে না। কিন্তু আমরা আমাদের চেষ্টা করব।”

ইসির ইভিএমে কারসাজির সুযোগ নেই: জাফর ইকবাল

ভোট বাতিলের প্রসঙ্গে সিইসি

কুমিল্লা সিটি নির্বাচনে জয়ী ও বিজিত প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ৩৪৩ ভোট। এখানে বাতিল ভোট ৩১৯ ভোট, যা দুই প্রার্থীর ভোটের ব্যবধানের কাছাকাছি।

স্থানীয় নির্বাচনে ইভিএমে ‘বাতিল ভোটের’ প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ব্যালট ওপেন হলে ইভিএমে সবাইকে (স্থানীয় সরকারের তিন পদের তিনটি প্রতীকে) ভোট দিতে হবে।

“(বাটন টিপে) তিনজনকে না দিয়ে একজনকে দিলে বা দুই জনকে দিলেন, একজনকে দিলেন না বা একজন অফ হলে টোটাল ভোটটাই বাতিল হয়ে যাবে।”

কাগজের ব্যালটে ভোট হলে ভোটারের হাতে তিন পদের জন্য আলাদা তিনটি ব্যালট পেপার দেওয়া হয়। সিল মারার পর তা ফেলতে হয় আলাদা তিনটি বাক্সে। সেখানে তিনি একটি ব্যালট পেপারে সিল দিয়ে বাকি দুটি খালি রেখে জমা দিলেও তার একটি পদের ভোট বৈধ হিসেবে গণ্য হয়।

সংসদ নির্বাচনে ভোটারদের কেবল একটি পদেই ভোট দিতে হয়। ফলে সেখানে ইভিএমে নির্বাচন হলে ভোট বাতিলের সম্ভাবনা থাকে না। কিন্তু স্থানীয় নির্বাচনে কাউকে বাদ রেখে ভোট দেওয়ার উপায় নেই। ফলে কোনো পদে কাউকে পছন্দ না হলেও ভোট দিতে ভোটারকে বাধ্য হতে হচ্ছে।

ইভিএমে ভোট বাতিলের পদ্ধতিটা এখন এমন হলেও আগামীতে প্রক্রিয়াটি সহজ করার কথা বলেন সিইসি।