২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে থাকা আসামিকে কারাগারে পাঠানোয় ক্ষমা চাইলেন বিচারক

উচ্চ আদালত থেকে জামিনে থাকা এক আসামিকে কারাগারে পাঠানোর ঘটনায় হাই কোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন নিম্ন আদালতের এক বিচারক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 10:56 PM

Updated : 14 Jul 2022, 06:27 PM

সোমবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে হাজির হয়ে মৌখিকভাবে নিঃশর্ত ক্ষমা চান জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিন্নাৎ জাহান ঝুনু।

জামিনে থাকা আসামিকে কারাগারের পাঠানোর বিষয়টি ‘অসতর্কতাবশত’ ও ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করে নিঃশর্ত ক্ষমা চাইলে তাকে ভুলের দায় থেকে অব্যাহতি দিয়ে ভর্ৎসনা করে আদালত।

৫০ ডলারের ৩০টি জালনোট পাওয়ার অভিযোগে গত বছর ১১ ডিসেম্বর বকশিগঞ্জ থানার কুতুবের চর গ্রামের মো. জাকিরুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জামালপুর থানায় মামলা করে পুলিশ।

এ মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাই কোর্টে জামিন আবেদন করেন জাকিরুল। এর শুনানি নিয়ে গত ১০ এপ্রিল হাই কোর্ট রুল দিয়ে জাকিরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সারোয়ার আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম।

সারোয়ার আলম বলেন, “রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাকিরুলকে জামিন দিয়েছিল হাই কোর্ট। এরপর গত ১৯ এপ্রিল জামালপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে জামিননামা দাখিল করে কারাগার থেকে মুক্তি পান জাকিরুল।”

এরপর গত ২৪ মে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন হাই কোর্টের জামিন প্রাপ্তির আদেশ যুক্ত করে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিয়মিত করণের আবেদন করা হয়।

উচ্চ আদালতের জামিনে থাকলে বিচারিক আদালতে আবেদন করে জামিন নিয়মিত করতে হয় জানিয়ে এ আইনজীবী বলেন, “অভিযোগ গঠনের দিন বিচারক ভুল ব্যাখ্যা দিয়ে জামিন নামঞ্জুর করে জাকিরুলকে কারাগারে পাঠিয়ে দেন।”

এ বিষয়টি গত ৬ জুন হাই কোর্টের নজরে আনা হলে বিচারক জিন্নাৎ জাহান ঝুনুকে তলব করে ব্যাখ্যা জানতে চাওয়া হয়।

একই সাথে ওইদিন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেমকে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিন্নাৎ জাহান ঝুনুর সঙ্গে যোগাযোগ করে জাকিরুলকে জামিন দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট।

পরে গত ২৫ মে বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় জাকিরুলকে জামিন দেওয়া হয়।