বন্যা: নেত্রকোণার জন্য আরও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ
বন্যাসহ উপদ্রুত নেত্রকোণার জন্য আরও ১০০ মেট্রিকটন চাল, ১০ লাখ টাকা এবং তিন হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দিয়েছে সরকার ।
সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত বন্যাকবলিত ১১ জেলায় জেলা প্রশাসকদের অনুকূলে ২ হাজার ১২০ মেট্রিক টন চাল, তিন কোটি ৭৬ লাখ টাকা এবং ৬৮ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নেত্রকোণায় দেওয়া হয়েছিল ১০০ মেট্রিক টন চাল, ২০ লাখ টাকা এবং ৫ হাজার খাবারের প্যাকেট।
বাকি ১০ জেলার মধ্যে সিলেটে এক হাজার দুই'শ মেট্রিকটন চাল, এক কোটি ৬৩ লাখ টাকা এবং ২৫ হাজার খাবারের প্যাক; সুনামগঞ্জে ৭২০ মেট্রিক টন চাল, এক কোটি ৪৮ লাখ টাকা এবং ১৭ হাজার খাবার প্যাক; রংপুরে তিন হাজার খাবার প্যাক; নীলফামারীতে ৫ লাখ টাকা এবং ৩ হাজার খাবার প্যাক এবং কুড়িগ্রামে ১০ লাখ টাকা ও এক হাজার খাবারের প্যাক বরাদ্দ দেওয়া হয়।
আর হবিগঞ্জে ১০ লাখ টাকা, দুই হাজার খাবার প্যাক; মৌলভীবাজারের ১০০ মেট্রিক টন চাল, ১০ লাখ টাকা ও ২ হাজার খাবার প্যাক; শেরপুরে ১০ লাখ টাকা, ৪ হাজার খাবারের প্যাক; জামালপুরে ৪ হাজার খাবার প্যাক এবং কিশোরগঞ্জে ২ হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ।
