২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বজনীন পেনশনে পঞ্চাশোর্ধ্বদেরও যুক্ত হওয়ার সুযোগ থাকছে

রাষ্ট্রের সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনতে ‘সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২২’ এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 10:01 PM

Updated : 02 Aug 2022, 01:50 PM

সর্বোচ্চ ৫০ বছর বয়সের নাগরিকদের এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রেখে আইনটি প্রণয়নের কাজ শুরু হলেও এখন বিশেষ বিধান করে পঞ্চাশোর্ধ্বদেরও এর আওতায় রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়; যেটা নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বৈঠকে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২২ এর খসড়া অর্থ বিভাগ থেকে উপস্থাপন করা হয়। মন্ত্রিসভা থেকে এটার অনুমোদন দেওয়া হয়েছে। এখন লেজিসলেটিভ বিভাগ এটা দেখবে, সেখান থেকে সংসদে তোলা হবে।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত সব বাংলাদেশি এই পেনশনের সুবিধা পাবেন। বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরাও এই বিমায় অংশ নিতে পারবেন।

“তবে বিশেষ বিবেচনায় ৫০ বছরের ঊর্ধ্বে যদি কাউকে যুক্ত করা লাগে তাদেরকে পৃথক একটি বিধি অনুযায়ী যুক্ত করা হবে। সেটা বিশেষ বিবেচনায়। কমপক্ষে ১০ বছর নিয়মিত চাঁদা দিতে হবে। তাদের বয়স ৬০ বছর পূর্ণ হলে অতিরিক্ত মুনাফাসহ এই চাঁদা জমার বিপরীতে পেনশন সুবিধা পাবেন।”

সার্বজনীন পেনশন শুরু ‘এক বছরের মধ্যে’, সুবিধা মিলবে ১০ বছর পর  

সার্বজনীন পেনশন: এগোতে হবে ‘সতর্কতার সঙ্গে’

সার্বজনীন পেনশন: এগোতে হবে ‘সতর্কতার সঙ্গে’

কেমন হবে পেনশন কর্তৃপক্ষ?

মন্ত্রিপরিষদ সচিব জানান, “নতুন এই আইনে ৩২টি ধারা রয়েছে। একজন নির্বাহী চেয়ারম্যান থাকবেন এবং চারজন সদস্য নিয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হবে। অর্থমন্ত্রীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের একটা পরিচালনা পর্ষদ থাকবে।

“পেনশনধারীরা আমৃত্যু পেনশন পেতে থাকবেন। কেউ যদি ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা যায়, তাহলে মৃত ব্যক্তির ‘নমিনি’ বাকি সময় পেনশন সুবিধা পাবেন। অর্থাৎ ৬২ বছর বয়সে মারা গেলে ‘নমিনি’ বাকি ১৩ বছর পেনশন সুবিধা পাবেন।”

তিনি জানান, পেনশন সুবিধা পেতে ব্যক্তিকে কমপক্ষে ১০ বছর ধরে চাঁদা পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে কেউ ১৮ বছরে শুরু করে ২৬ বছর বয়সে মারা গেলে তার ‘নমিনি’কে মূল জমা ও লভ্যাংশ একসঙ্গে দিয়ে দেওয়া হবে।

আবার কেউ ১০ বছরের বেশি সময় ধরে টাকা জমা দিয়ে মারা গেলেও ‘নমিনি’ মূল জমা ও লভ্যাংশসহ ফেরত পাবেন। এর অর্থ হচ্ছে কেউ ২০ বছর বয়সে শুরু করে ৫০ বছর বয়সে মারা গেলে তার পলিসির মেয়াদ পূর্ণ হওয়ার শর্তেও ‘নমিনি’ এককালীন লাভ ও মুনাফাসহ পেয়ে যাবেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “সরকারি চাকরিজীবীরা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন না। আবার কেউ শুরু করে সরকারি চাকরি পেলে তার টাকা ফেরত দেওয়ার মাধ্যমে বিমা নিষ্পত্তি করে দেওয়া হবে।”