২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসির আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 01:33 AM

Updated : 02 Aug 2022, 01:49 PM

শনিবার রাজধানীর উত্তরা থেকে শেখ মো. এনামুল হক নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক বার্তায় জানানো হয়।

সেখানে বলা হয়, রোববার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) সদস্য এনামুল।

ওই ঘটনায় করা হত্যার ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের মামলায় গত বছরের ২৩ মার্চ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। তাদের মধ্যে এনামুলসহ পাঁচজন পলাতক ছিলেন।

তাদের মধ্যে মো. আজিজুল হক রানা ওরফে শাহনেওয়াজকে গত মার্চে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এনামুল গ্রেপ্তার হওয়ার পর এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও তিনজন এখনও অধরা থেকে গেল।

২০০০ সালে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের উত্তর পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের জন্য মঞ্চ নির্মাণের সময় মাটিতে পুঁতে রাখা ৭৬ কেজি ওজনের বোমা পাওয়া যায়। পরদিন ৪০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয় কোটালীপাড়ার হেলিপ্যাড থেকে।

ওই ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, হত্যার ষড়যন্ত্র এবং বিস্ফোরক আইনে কোটালীপাড়া থানায় তিনটি মামলা করে পুলিশ।

এর মধ্যে হত্যাচেষ্টার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১০ আসামির সবার সাজা হাই কোর্টেও বহাল রয়েছে।

পুরনো খবর:

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র মামলায় ১৪ জঙ্গির মৃত্যুদণ্ড  

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডের আসামি ২২ বছর পর গ্রেপ্তার  

বোমায় হাসিনাকে হত্যাচেষ্টা: ১০ আসামির মৃত্যুদণ্ড হাই কোর্টেও বহাল