মোহাম্মদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনের রিমান্ড
রাজধানীর মোহাম্মদপুরে ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামির মধ্যে দুইজনকে এক দিনের রিমান্ড দিয়ে বাকিদের কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে গ্রেপ্তার মোস্তাফিজুর এবং ওমর ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে রিমান্ড দেন।
একইসঙ্গে অপর ১০ আসামির রিমান্ড এবং জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আজাদ রহমান।
এরা হলেন- আশিক (৩০), মুন্না (১৯), অন্তর (২০), আব্দুল খালেক (২২), মিজান (২১), শাওন (১৯), নুর নবী (২২), শাহিন (২২), মাসুদ (২৩) ও আবুল কালাম (২৯)।
এদিন গ্রেপ্তার ১২ আসামিকে আদালতে হাজির করে পাঁচদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই শফিউল আলম।
এর আগে রোববার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে বিক্ষোভ শুরু হয়।
এসময় কোনো উস্কানি ছাড়াই মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদসহ কয়েকজনের ওপর হামলা চালিয়ে ওয়াকিটকি ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার এএসআই পান্নু মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন।
