রজতজয়ন্তী সামনে রেখে বাঁধনের নানা কর্মসূচি
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি সামনে রেখে পাঁচ মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন।
এ পর্যন্ত সংগঠনটি সাড়ে নয় লাখ ব্যাগ রক্ত সরবরাহের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে ২০ লাখ ১৭ হাজার মানুষকে।
২৪ অক্টোবর বাঁধনের রজতজয়ন্তী সামনে রেখে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মসূচি ঘোষণা করেন রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক এস এম কোরবান আলী।
১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মধ্য দিয়ে যাত্রা করে বাঁধন।
‘৫০ পেরিয়ে বাংলাদেশ, ২৫ এ বাঁধন, স্বেচ্ছায় রক্তদান হোক সামাজিক আন্দোলন’ এই প্রতিপাদ্যে উদযাপন হবে সংগঠনটির রজতজয়ন্তী।
এ উপলক্ষে ২৪ অক্টোবর দেশব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ২৫ হাজার বৃক্ষরোপণ, রক্তের প্রয়োজনে রোগীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম 'বাঁধন অ্যাপ' তৈরি, ২৫ বারের বেশি রক্তদাতাদের সম্মাননা, বাঁধন মিলনমেলা, স্যুভেনির প্রকাশের মত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে কোরবান আলী বলেন, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, স্বেচ্ছায় রক্তদান এবং অন্যান্য সেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থ সমাজ বিনির্মাণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই দীর্ঘ সময়ে ৯ লাখ ৩৬ হাজার ব্যাগ রক্তদান, ২০ লাখ ১৭ হাজার মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে বাঁধন।
মহামারীকালে প্লাজমা সাপোর্ট সেন্টারের মাধ্যমে কোভিডে আক্রান্ত রোগীদের ৩২২ ইউনিট প্লাজমা প্রদান, করোনায় ৭৪১টি পরিবার ও ৫৪৫ জন ব্যক্তিকে খাদ্যদ্রব্য সহায়তা ও ৫৩ জন ব্যক্তিকে নগদ অর্থ প্রদান, ৩৮৬ পরিবার ও ৫৪৫ জন ব্যক্তিকে ইফতার সামগ্রী প্রদান, বাঁধন ট্রান্সফিউশন সেন্টারের মাধ্যমে এখন পর্যন্ত সর্বমোট ১৪ হাজার ৩১১ ব্যাগ রক্ত সরবরাহ করাসহ দেশের বিভিন্ন দুর্যোগের সময় নানা সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে।
বাঁধনের বর্তমান সাংগঠনিক অবস্থা তুলে ধরে কোরবান আলী বলেন, দেশের ৫৩টি জেলায় বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪০টি ইউনিট নিয়ে কাজ করছে তাদের সংগঠন। বর্তমানে ২ হাজার ৪৪৩ জন সক্রিয়কর্মীসহ সাবেক কয়েক হাজার কর্মী কাজ করছেন।
“সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে মানব সেবায় ২৫ বছর পার করতে চলছি আমরা বাঁধন। দীর্ঘ ২৫ বছর ধরে যারা সংগঠনের জন্য জীবনের মূল্যবান অতীতকে নীরবে নিভৃতে বিসর্জন করে চলেছেন, তাদের জন্য এই মুহূর্তটির অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।
“যাদের হাত ধরে সংগঠনের জন্ম ও বিকাশ, তাদের বেশিরভাগের বয়সই অর্ধশতকের দিকে ছুটছে।”
আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে রজতজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ১৪ টি কর্মসূচি ঘোষণা করেন তিনি।
১. প্রতিটি ইউনিট তার কর্ম এলাকার বাইরে অন্তত তিনটি করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে দেশের প্রতিটি জেলায় একসঙ্গে ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবসে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দ্বিতীয় ধাপ হবে ইউনিটগুলোর সুবিধামতো সময়ে; আর তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে।
২. জুন-জুলাই মাসে ২৫ হাজার বৃক্ষরোপণ করা।
৩. যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বাঁধনের কার্যক্রম নেই, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে রক্তদান সম্পর্কিত সচেতনতামূলক প্রচার চালানো।
৪. রোগীর সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে “বাঁধন অ্যাপ” নির্মাণ।
৫. দরিদ্র থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা করা।
৬. বাঁধন ট্রান্সফিউশন সেন্টারের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিনামূল্যে রক্তের স্ক্রিনিং ও ক্রসমেচিংয়ের ব্যবস্থা করা।
৭. সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল ছাত্রদের শিক্ষা উপকরণ সরবরাহ।
৮. ২৪ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা।
৯. ২৫ বারের বেশি রক্তদাতাদের সম্মাননা প্রদান।
১০. ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কর্মএলাকা ও এর বাইরে সচেতনতামূলক প্রচার।
১১. কেন্দ্রীয়ভাবে ২৮ অক্টোবর সাবেক ও বর্তমান কর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মিলনমেলার আয়োজন।
১২. সাবেক ও বর্তমান কর্মীদের অনুভূতি প্রকাশ বিষয়ক দেয়ালিকা প্রকাশ।
১৩. বিগত ২৫ বছর ধরে বাঁধনের মাধ্যমে বাস্তবায়িত সকল কর্মসূচির ছবি সম্বলিত ফটো গ্যালারি প্রকাশ।
১৪. স্যুভেনির প্রকাশ।
কোরবান আলী বলেন, রজতজয়ন্তী স্মরণীয় করে রাখতে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে এই কর্মসূচি বাস্তবায়িত হবে।
“বিগত ২৫ বছর ধরে আমরা মুমূর্ষু ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি নিস্বার্থভাবে। আমরা মানুষের প্রয়োজনে আজীবন পাশে থাকব, সেটাই রজতজয়ন্তীর অঙ্গীকার।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাঁধনের উদ্যোক্তা শাহিদুল ইসলাম রিপন, বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকীব আহমেদ, সাধারণ সম্পাদক মীর আশাদুজ্জামান রিন্টু, বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা আসাদুল ইসলাম আসাদ, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ নেওয়াজ, বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি মিনহাজ মাহমুদ হিমেল, সাধারণ সম্পাদক গালিব আহমেদ শিশির উপস্থিত ছিলেন।
