২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু শক্তি কমিশনের দুটি পদের নাম পরিবর্তন হচ্ছে

দেশের বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দুটি পদের নাম পরিবর্তন করতে সংসদে ২০১৭ সালের এ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 07:56 PM

Updated : 02 Aug 2022, 01:42 PM

সোমবার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল-২০২২ সংসদে উত্থাপন করেন।

পরে বিলটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিদ্যমান আইনে বলা আছে, পরমাণু শক্তি কমিশনের কাজে সহায়তার জন্য সরকার একজন সার্বক্ষণিক অর্থ উপদেষ্টা ও একজন সচিব নিয়োগ করবে।

এ দুটি পদের নাম পরিবর্তন করার জন্য বিলটি আনা হয়েছে। বিলে বলা হয়েছে, ‘অর্থ উপদেষ্টা’ পদের নাম হবে সার্বক্ষণিক কার্য নির্বাহক (অর্থ) এবং ‘সচিব’ পদের নাম হবে ‘সার্বক্ষণিক কার্য নির্বাহক (প্রশাসন)।

মন্ত্রণালয়/বিভাগের সংযুক্ত দপ্তর/অধঃস্তন অফিসগুলোর সাংগঠনিক কাঠামোতে সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদনাম নাম থাকলে ওই পদের নাম পরিবর্তন করতে ২০১৯ সালের ২৩ অক্টোবর নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

এ নামগুলো সচিবালয়ের বাইরে বিধি বহির্ভূতভাবে ব্যবহার করা হয়। এ কারণে নামগুলো পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার।