৪৩তম বিসিএসের কারিগরি ক্যাডারের লিখিত পরীক্ষা পেছাল
৪৩তম বিসিএসের কারিগরি বা পেশাগত ক্যাডারের লিখিত পরীক্ষার তারিখ এক মাস পেছানো হয়েছে।
সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কারিগরি বা পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা আগামী ২-৪ অগাস্ট হওয়ার কথা ছিল। সেটা পিছিয়ে ৫ থেকে ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস এবং সংশ্লিষ্ট নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লিখিত পরীক্ষার জন্য ১৫ হাজার ২২৯ জনকে যোগ্য ঘোষণা করে গত ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।
এর আগে গত বছর ২৯ অক্টোবর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী অংশ নেন।
প্রথম শ্রেণির সরকারি চাকরিতে এক হাজার ৮১৪টি পদে নিয়োগ দিতে ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ ডিসেম্বর।
পরে মহামারী পরিস্থিতিতে কয়েক দফা বাড়িয়ে গেল ৩০ জুন পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়। সব মিলিয়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন প্রার্থী আবেদন করেন, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।
এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৫৫০ জন, টেকনিক্যাল ক্যাডারে ৩১০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারের সাধারণ কলেজে ৮৪৩ জন, শিক্ষক প্রশিক্ষণ কলেজে ১২ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে ৯৯ জন নিয়োগ পাবেন।
