২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিডের টিকার দাম ‘মনে নেই’ স্বাস্থ্যমন্ত্রীর

আগে দুইবার করোনাভাইরাসের টিকার দাম সংসদে বলতে নারাজ হলেও এবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বললেন, এই মুহূর্তে টিকার দাম তার ‘মনে নেই’। নোটিস দিলে তিনি বলতে পারবেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 12:18 AM

Updated : 02 Aug 2022, 01:43 PM

রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মজিবুল হক চুন্নু কোভিড টিকার দাম জানতে চান।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “এখন পর্যন্ত সরকার প্রায় ৩০ কোটি ৫০ লাখ করোনা টিকা সংগ্রহ করেছে। এর মধ্যে ১৮ কোটি টিকা নগদ টাকায় কেনা হয়েছে। বাকিগুলো কোভ্যাক্সের আওতায় বিনামূল্যে পাওয়া গেছে।”

টিকার দামের বিষয়ে তিনি বলেন, ‌“টিকার দামগুলো এখন মনে নেই। এ বিষয়ে আমাকে নোটিস দিলে এর দাম এবং কোথা থেকে এসেছে সেটা বলতে পারব।”

গত বছরের ১৮ নভেম্বর এবং এ বছরের জানুয়ারি মাসে সংসদে সংসদ সদস্যরা টিকার দাম জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘নন-ডিসক্লোজার এগ্রিমেন্টের’ মাধ্যমে ভ্যাকসিন কেনার কারণে অর্থ খরচের হিসাব সংসদে প্রকাশ করা ‘সমীচীন হবে না’।

সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠীকে কোভিড টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পাঁচ বছরের ওপরের সব জনগোষ্ঠীকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।

এ পর্যন্ত (১ জুন ২০২২) ১২ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার ৪৩৬টি প্রথম ডোজ, ১১ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৩৭১ টি দ্বিতীয় ডোজ ও ভাসমান জনগোষ্ঠীকে দুই লাখ ৪৩ হাজার ৯১৮টি টিকা দেওয়া হয়েছে। এছাড়া এক কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৬১০টি বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে।

টিকা: দুই মাস পরও সংসদে একই উত্তর দিলেন স্বাস্থ্যমন্ত্রী  

কোভিড টিকায় খরচ কত? বলতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী  

সরকারি দলের আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশেই উৎপাদিত হয়। বর্তমানে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি করা হয়। চলতি অর্থ বছরের (২০২১-২২) এপ্রিল মাস পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৩২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৪০৯ টাকার ওষুধ রপ্তানি করা হয়েছে।

সম্পূরক প্রশ্নে চলতি ২০২১-২২ অর্থবছরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের মাত্র ৪১ শতাংশ ব্যয় হয়েছে উল্লেখ করে কী কারণে বরাদ্দ করা অর্থ ব্যয় করা যায়নি তা স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান বিএনপির দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “করোনার কারণে কিছু কাজ ব্যাহত হয়েছে। এই খাতে শ্রমের মূল্য প্রায় ৪০ হাজার কোটি টাকা। উন্নয়ন বাজেটের নয় হাজার কোটি টাকা বরাদ্দের মধ্যে ৪০ শতাংশ ব্যয় হয়েছে। আমরা হিসাব করে দেখেছি জুন মাস শেষের আগে ৯০ শতাংশের বেশি খরচ হয়ে যাবে এবং লক্ষ্য অর্জন হয়ে যাবে।

“কারণ এখনও অনেকগুলো বিলের অর্থ পরিশোধ হয়নি। অনেকগুলো মাল এখনো পৌঁছায়নি, যার বিলগুলো দেওয়া হয়নি। এগুলো এই জুনের আগে সমাধান হয়ে যাবে।”

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে ওষুধের গুণগত মান বজায় রাখা ও মান নিয়ন্ত্রণে সরকার সব সময় সচেতন রয়েছে। নকল, ভেজাল নিম্নমানের ওষুধ বিক্রয়, আনরেজিস্টার্ড ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোরতা অবলম্বন করেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোবাইল  কোর্টে দুই হাজার ৩৬টি মামলা দায়ের করা হয়েছে এবং দুই কোটি ৬৭ লাখ ৫৪ হাজার ৩০০ জরিমানা আদায় করা হয়েছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা হাসপাতালগুলোতে আধুনিক এক্সরে মেশিন দেওয়া হয়েছে। তবে এনেসথেসিস্টের অভাব রয়েছে, সেই ঘাটতি পূরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ অভিযোগ করেন, অবৈধ হাসপাতালের বিরুদ্ধে যে অভিযান চলছে, অনেক জায়গায় দলীয় বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তা প্রত্যাখ্যান করে জাহিদ মালেক বলেন, “বর্তমান সরকার দলীয় বিবেচনায় কোনো ব্যবস্থা নেয় না। এটি করত বিএনপি।”