২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে সরকারি কর্মচারীদের বেতন ২৫ এপ্রিলের মধ্যে

আসন্ন রোজার ঈদের আগে ২৫ এপ্রিলের মধ্যেই এ মাসের বেতন-ভাতা ও অবসর সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2022, 10:51 PM

Updated : 02 Aug 2022, 03:20 PM

রোববার অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। এতে সরকারি কর্মচারীদের পাশাপাশি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সামরিক বাহিনীর নন-কমিশল্ড অফিসার-কর্মচারীদের এ সময়ের মধ্যে বেতন ও ভাতা দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখা থেকে হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স ও বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (অর্থ) পাঠানো চিঠিতে বেতন সংক্রান্ত এ নির্দেশনা দেওয়া হয়।

এ বছরের সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী ৩ মে (চাঁদ দেখা সাপেক্ষে) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে উল্লেখে করে চিঠিতে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারি ও সামরিক বাহিনীর নন-কমিশল্ড অফিসার-কর্মচারীদের চলতি বছরের এপ্রিলের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এপ্রিলের অবসর ভাতা ২৫ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে।

“বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩(২) তে প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।”