অপরাধীকে সমাজের মূলধারায় ফেরাতে কাজ করছে র্যাব: মহাপরিচালক
অপরাধ দমনে র্যাব ‘বহুমুখী কর্মপন্থা নিয়ে’ কাজ করছে জানিয়ে এ বাহিনীর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, অপরাধীর মনস্তাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে তাদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্যও কাজ চলছে।
র্যাবের অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী এবং ‘র্যাব মেমোরিয়াল ডে’ উপলক্ষে মঙ্গলবার বাহিনীর সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আত্মসমর্পণকারী সন্ত্রাসীদের (জলদস্যু ও জঙ্গি) পুনর্বাসন করার কথা জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, “এভাবে অপরাধ দমনে বহুমুখী কর্মপন্থা নিয়ে র্যাব কাজ করছে। অপরাধ সমূলে উৎপাটনে র্যাবের এই বহুমুখী, অভিনব ও যুগান্তকারী পদক্ষেপ শুধু দেশে নয়, বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
‘ডি-র্যাডিকালাইজেশন' ও 'রি-হ্যাবিলিটেশন’ প্রোগ্রামের মাধ্যমে ‘অনেকে অপরাধী’ স্বাভাবিক জীবনে ফিরেছে জানিয়ে তিনি বলেন, “মানবিকতা দিয়ে অপরাধ দমনের এ সাফল্য নজিরবিহীন।"
অনুষ্ঠানে জানানো হয়, র্যাবের উদ্যোগে ২০১৬ সাল থেকে এ পর্যন্ত সুন্দরবনের ৩২৮ জন জলদস্যু পুনর্বাসিত হয়েছে। ৩২টি জলদস্যু ও বনদস্যু বাহিনীর এই সদস্যরা ৪৬২টি অস্ত্র ও ২২ হাজার ৫০৪ রাউন্ড গুলিসহ র্যাবের কাছে আত্মসমর্পণ করে। ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেন।
জলসদ্যুদের আত্মসমর্পণ করিয়েই র্যাব ক্ষান্ত হয়ে যায়নি জানিয়ে সংস্থার মহাপরিচালক বলেন, “বরং এদের পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণ করেছে। সুন্দরবনে আজ শান্তির সুবাতাস বইছে।”
র্যাব জানিয়েছে, জলদস্যুদের ঘুরে দাঁড়াতে এ বছর তাদের ১০২টি ঘর, ৯০টি মুদি দোকান (মালামালসহ), ১২টি জাল ও মাছ ধরার নৌকা, ৮টি ইঞ্জিন চালিত নৌকা এবং ২২৮টি গবাদিপশু দেওয়া হয়েছে।
র্যাবের আহ্বানে সাড়া দিয়ে কক্সবাজার ও মহেশখালী উপকূলীয় অঞ্চলের ১৮টি বাহিনীর ৭৭ জন সদস্য আত্মসমর্পণ করেছে বলেও জানান তিনি। এসব সন্ত্রাসীর কাছ থেকে ১৮৮টি অস্ত্র ও ৯ হাজার ৭০৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
পেশাগত দায়িত্ব পালনে র্যাব সদস্যদের প্রাণ উৎসর্গ করার কথা তুলে ধরতে গিয়ে সংস্থার প্রধান বলেন, "আমাদের গৌরবোজ্জ্বল অতীতে যেমন অনেক সাফল্য, অনেক সুখস্মৃতি রয়েছে; তেমনই রয়েছে কিছু দুঃখজনক ঘটনা।
“আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয় র্যাব সদস্যকে। অপারেশন ও বিভিন্ন কারণে এ পর্যন্ত যেসব গর্বিত র্যাব সদস্য আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন, আজ তারা আর আমাদের মাঝে নেই; কিন্তু তাদের গৌরবোজ্জ্বল সাহসী কার্যক্রম আজও আমাদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করে।”
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, “কোভিড-১৯ বৈশ্বিক মহামারীতে করোনার বিরুদ্ধে যুদ্ধে র্যাব সম্মুখসারির যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করে। এই যুদ্ধে র্যাবের সাতজন সদস্য আত্মত্যাগ করেন, আর বিভিন্ন অভিযানে এই পর্যন্ত ২৯ জন র্যাব সদস্য মারা গেছেন।”
র্যাব প্রধান আবদুল্লাহ আল মামুন বলেন, “বিগত বছরসমূহে মাদকবিরোধী বিশেষ অভিযান ছিল র্যাবের অন্যতম একটি কঠিন চ্যালেঞ্জ। মাদকবিরোধী বিশেষ অভিযানে গুলিবিনিময়ে ১০০ জন মাদক কারবারি নিহত হয়। অভিযানে গুলিবিদ্ধ হয় ৬ জন র্যাব সদস্য।
অসীম সাহসিকতা ও বীরত্বের নিদর্শন হিসেবে ২০২০ ও ২০২১ সালে মোট ৬০ জন র্যাব সদস্যকে প্রধানমন্ত্রী বিপিএম (সাহসিকতা) পদকে ভূষিত করেন।
অপহৃতদের উদ্ধারে র্যাবই মানুষের ‘শেষ ভরসাস্থল’ দাবি করে তিনি বলেন, “গত দেড় যুগের দীর্ঘ পথপরিক্রমায় র্যাবের কর্মকলেবর বহুগুণে বৃদ্ধি পেয়েছে। নানা চ্যালেঞ্জ ও বৈচিত্র্য এসেছে অভিযানে, ফলে ভিন্নতা পেয়েছে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার গতানুগতিক কার্যক্রমে।”
প্রতিষ্ঠাবার্ষিকীতে অপারেশনাল (সাহসিকতা/বীরত্বপূর্ণ) ও প্রশাসনিক (সেবামূলক/প্রশংসনীয়) কাজের স্বীকৃতি হিসেবে ২০২০ ও ২০২১ সালে ২০ জন করে ৪০ জন সদস্যকে র্যাব মহাপরিচালকের বিশেষ সম্মাননা (সেবা) পদকে ভূষিত করা হয়।
