২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. বুলবুলের খুনিরা এখনও চিহ্নিত হয়নি, ছিনতাই ধরেই চলছে তদন্ত

ঢাকায় দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলের খুনিদের কাউকে দুই দিনেও চিহ্নিত করতে পারেনি পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2022, 10:20 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

এটি ছিনতাইয়ের ঘটনা ধরেই চলছে পুলিশের তদন্ত; যদিও বুলবুলের পরিবার অন্য রকম সন্দেহ করছেন।

এদিকে বুলবুলের স্ত্রী শাম্মী আক্তার যে হত্যামামলা করেছেন, তার পুলিশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ এপ্রিল দিন ঠিক করেছেন ঢাকার মহানগর হাকিম ইশরাত জাহান।

রোববার ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বেরিয়ে ব্যাটারিচালিত রিকশায় চেপে মিরপুর ১০ নম্বরের দিকে এগোনোর সময় পথে আক্রান্ত হন বুলবুল। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।

৩৮ বছর বয়সী বুলবুল মগবাজারে ‘রংপুর ডেন্টাল’ নামের একটি চেম্বারে নিয়মিত রোগী দেখতেন। পাশাপাশি গত পাঁচ বছর ধরে ‘মেসার্স রংপুর ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও চালাতেন তিনি। ঠিকাদারি কাজেই নোয়াখালী যাওয়ার জন্য ভোরে বেরিয়েছিলেন তিনি।

সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় মিরপুর থানার ওসি মোস্তাজিরুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারিনি। তবে চেষ্টা চলছে।

“ঘটনাটি এমন এক জায়গায় ঘটেছে, যেখানে কোনো সিসি ক্যামেরা নেই। এই ঘটনার আশেপাশে যে সব সিসি ক্যামেরা আছে সেগুলো সংগ্রহ করা হচ্ছে। কিছু কিছু সংগ্রহ করা হয়েছে। সেসবগুলো দেখে পর্যালোচনা করা হচ্ছে।”

Image
আহমেদ মাহী বুলবুল।

আহমেদ মাহী বুলবুল।

আগের দিন হত্যাকাণ্ডস্থলের পাশের এলাকার সিসি ক্যামেরার একটি ভিডিও পেয়ে পুলিশ কর্মকর্তারা বলছিলেন, তিনজন ছিনতাইকারী ঘটনার পর দুটো দলে ভাগ হয়ে হেঁটে গলির পথ ধরে চলে যায়।

তদন্তের অগ্রগতি জানতে চাওয়া হয় ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মাহতাব উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজ চলছে, খুব শিগগিরই একটা ভালো খবর দেব আশা করি।”

আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনাটি থানা পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

জানতে চাইলে ডিবির মিরপুর বিভাগের কর্মকর্তা মানস কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেষ্টা চলছে অপরাধীদের গ্রেপ্তারের। তবে বিভিন্ন অ্যাঙ্গেল দেখে এখন পর্যন্ত এটি ছিনতাইয়ের ঘটনা মনে হচ্ছে।”

ডা. বুলবুলের টাকা-মোবাইল খোয়া যায়নি, ছিনতাই নিয়ে সন্দেহ  

ঘটনাটি ছিনতাইয়ের কি না, তা নিয়ে আগের দিন সন্দেহ প্রকাশ করেছিলেন বুলবুলের শ্বশুর ইয়াকুব আলী।

বুলবুলের কাছে থাকা ১২ হাজার টাকা এবং মোবাইল ফোন কোনটিই খোয়া যায়নি জানিয়ে তিনি বলেছিলেন, “যদি টাকা আর মোবাইল দুইটাই সাথে থাকে, তাহলে এটা কীভাবে ছিনতাইয়ের ঘটনা হয়?”

মিরপুর থানার ওসি মোস্তাজিরুল বলেন, এই খুনের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা বুলবুলের পরিবারে সঙ্গে কথা বলে দেখবেন তারা।

“তার পরিবার লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি গেছে। ঢাকায় ফেরার পর তাদের সাথে কথা বলে এই হত্যার পেছনে অন্য কোনো সন্দেহ তারা পোষণ করেন কি না, তা জানার চেষ্টা করা হবে।”

চিকিৎসক হয়েও চিকিৎসা ‘পাননি’ বুলবুল