২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুড়িহাট্টা ট্র্যাজেডি: নথি যাচ্ছে সিএমএম আদালতে

ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহতের ঘটনায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে মামলার নথি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2022, 05:33 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম গত ২৩ মার্চ এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সোমবার নথি ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করিমের কাছে পাঠানোর আদেশ দেন তিনি।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন জানান, মুখ্য মহানগর হাকিম মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেবেন। সেখানে কোনো একটি আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানি হবে।

গত ১৬ ফেব্রুয়ারি আটজনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার ওসি আবদুল কাইউম।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনের মালিক হাসান ওরফে হাসান সুলতান, সোহেল ওরফে শহীদ ওরফে হোসেন, রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল হক, ম্যানেজার মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াদ আতিক, মো. নাবিল ও মোহাম্মদ কাশিফ। তারা সবাই জামিনে আছেন।

চুড়িহাট্টা অগ্নিকাণ্ড: ৭১ মৃত্যুর জন্য ৮ জনের দায় পেয়েছে পুলিশ

পুরান ঢাকার রাসায়নিক কারখানা-গুদাম সরছে না এ বছরও

চুড়িহাট্টা ট্রাজেডি: ময়নারা এখনও কাউকে পাশে পাওয়ার অপেক্ষায়  

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চুড়িহাট্টার ওই ভবন ঘিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যু হয়, আহত হন অনেকে।

চার তলা ভবন ওয়াহেদ ম্যানশন থেকে সেই আগুনের সূত্রপাত হয়েছিল। পরে তা ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের পাঁচটি ভবন।

অগ্নিকাণ্ডে নিহত মো. জুম্মনের ছেলে মো. আসিফ সে সময় এই মামলা করেন। তিন বছর তদন্তের পর গত ১৫ ফেব্রুয়ারি আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন চকবাজার থানার ওসি আবদুল কাইয়ুম।