বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে অকার্যকর করা: স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে নতুন করে গড়ছিলেন, ঠিক সেই সময় এ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই তাকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'কারাগারের রোজনামচা' পাঠ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর ত্যাগ এবং বাংলাদেশের প্রতি মহান এই নেতার ভালোবাসার কথা জানার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
“বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে ঘুরে দাঁড় করিয়েছিলেন...। হত্যাকারীদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটা অকার্যকর বাংলাদেশে পরিণত করা। বঙ্গবন্ধু শহীদ হওয়ার পর আমরা মুক্তিযোদ্ধারা কিংকর্তব্যবিমুঢ়ভাবে নিজেদের গায়ে চিমটি দিতাম আমরা বেঁচে আছি কিনা।"
বঙ্গবন্ধুর ইতিহাসটাকেই ঘাতকরা মুছে ফেলতে চেয়েছিল মন্তব্য করে মন্ত্রী বলেন “বঙ্গবন্ধুর ইতিহাস জেনে, বঙ্গবন্ধুর ঘাতক কারা ছিলেন, কারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন, এটা জেনে এ প্রজন্ম তাদের করণীয়টা বেছে নিতে পারবে।”
বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার স্মৃতিচারণ করার পাশাপাশি জাতির পিতার কারাবাস ও রাজনৈতিক জীবনে বঙ্গমাতা শেষ ফজিলাতুন্নেস মুজিবের ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন আসাদুজ্জামান খান কামাল।
“বঙ্গবন্ধু যখন জেলখানায় যেতেন, বঙ্গমাতা একটা ডায়েরি তার হাতে দিয়ে দিতেন। ওই ডায়েরিতে বঙ্গবন্ধু লিখতেন। তার অভিজ্ঞতার কথা লিখতেন, জেলখানার কথা লিখতেন, তার পরিকল্পনার কথা লিখতেন। তার একটা ডায়েরি লেখা হলে বঙ্গমাতা আরেকটা ডায়েরি দিয়ে দিতেন। সেই ছোট শিশু রাসেলের কথা এই রোজনামচায় আসছে। যেটা সবার মন আকৃষ্ট করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ রাজনৈতিক জীবন, আদর্শ তার ত্যাগ ও সংগ্রামের কথা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ২০১৯ সালের ১৭ এপ্রিল প্রথমবারের মত ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রথমে তেজগাঁও বিভাগের ছয় থানায় (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর ও হাতিরঝিল) এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা হয়, পরে এ আয়োজন হয় দেশব্যাপী।
'অষ্টম থেকে দশম' এবং 'একাদশ থেকে তদূর্ধ্ব'- এই দুই ক্যাটাগরিতে ১০ হাজার ২৮ জন শিক্ষার্থী তেজগাঁও বিভাগ আয়োজিত এ কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
অষ্টম থেকে দশম ক্যাটাগরিতে কুইজের ১০০টি প্রশ্নের সঠিক উত্তর দেয় ২৯৯ জন ও একাদশ থেকে তদূর্ধ্ব ক্যাটাগরিতে কুইজের ১০০টি প্রশ্নের সঠিক উত্তর দেয় ১৪০ জন।
দুই ক্যাটাগরিতে শতভাগ সঠিক উত্তরদাতা ৪৩৯ জনের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ২০ জন পেয়েছে ল্যাপটপ ও ট্যাব। শতভাগ প্রশ্নের সঠিক উত্তরদাতা অবশিষ্ট ৪১৯ জনকেও পুরস্কৃত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার।
অন্যদের মধ্যে রবীন্দ্রসংগীত শিল্পী ও সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খানসহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
