ছুরিকাঘাতে ৫ পুলিশ আহত: ছিনতাইকারী রিমান্ডে
রাজধানীর বংশাল থানার নিচে ছুরিকাঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার মামলায় এক ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম বেগম ইশরাত জাহান বৃহস্পতিবার এ আদেশ দেন।
বংশাল থানার এসআই আব্দুল জলিল বলেন, রাতে ফুলবাড়িয়ায় জনতা দুই ছিনতাইকারীকে ধরে পিটুনি দিচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। জনরোষ থেকে দ্রুত তাদের উদ্ধার করে পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে আসা হয়।
থানা ভবনের নিচতলায় পৌঁছানোর পরপরই আটক এক ছিনতাইকারী সঙ্গে থাকা ছুরি দিয়ে পুলিশ সদস্যদের আঘাত করে। তাতে পাঁচজন আহত হন।
