গণপিটুনি থেকে উদ্ধার করা ‘ছিনতাইকারী’র হাতেই ছুরিকাহত ৫ পুলিশ
ঢাকার ফুলবাড়িয়ায় 'গণপিটুনি'র হাত থেকে উদ্ধার করে দুই 'ছিনতাইকারী'কে থানায় নিয়ে আসার পর ওই থানা ভবনের নিচে তাদেরই ছুরিকাঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার রাতে বংশাল থানার নিচে এ ঘটনা ঘটে বলে জানান থানার এসআই আলমগীর হোসেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- নজরুল ইসলাম, সজীব, শফিকুল, এসআই তাজুল এবং সুমন।
তাদের মধ্যে পেটে গুরুতর জখম নিয়ে কনস্টেবল নজরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এ ছাড়া এসআই সুমন ও কনস্টেবল শফিকুল মিটফোর্ড হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তাদের আঘাত অতটা গুরুতর নয়। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন কনস্টেবল সজীব ও এএসআই তাজুল।
ছিনতাইকারীদের কাছে ছুরি কীভাবে থেকে গেল প্রশ্ন করলে এসআই আলমগীর বলেন, “কোনো একটা গাফিলতিতো ছিল। হয়ত ঠিকমত দেহ তল্লাশি না করেই থানার উদ্দেশে তারা রওনা দিয়েছিল এবং নিচে আসার পর ওই দুর্ঘটনা।”
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন বলেও জানান পুলিশ সদস্য আলমগীর।
তবে এসআই জলিল বলছেন, উত্তেজিত জনতার হাত থেকে ছিনতাইকারীদের উদ্ধার করে দ্রুত নিয়ে আসার সময় তাৎক্ষণিকভাবে তাদের তল্লাশির সুযোগ ছিল না। থানার নিচে এসে গাড়ি থেকে নামানোর পরপরই তারা হামলা করে বসে।
এর আগে মঙ্গলবার রাতে গুলিস্তানে এক ‘দুর্বৃত্তের’ ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া নামে পুলিশের একজন এসআই আহত হন। এর পরের রাতেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঁচ পুলিশের আহত হওয়ার খবর এল।
