গুলিস্তানে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার সন্ধ্যার পর নগর ভবনের সামনে তিনি হামলার শিকার হন বলে পুলিশ জানিয়েছে।
আহত জাহাঙ্গীর মিয়া শাহবাগ থানার এসআই । তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে থাকা শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) শেখ কামরুজ্জামান বলেন, “ছুরিকাঘাতে তার পিঠে ইঞ্চিখানেক ডিপ (গভীর ক্ষত) হয়েছে। এক্সরে করা হয়েছে। তা দেখে গুরুতর কিছু মনে করছেন না চিকিৎসকেরা। ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়েছেন তারা।”
পথচারী আবু সাঈদ হাসানসহ কয়েকজন হাসপাতালে নিয়ে যান এসআই জাহাঙ্গীরকে।
সাঈদ বলেন, রক্ত ঝরতে দেখে তিনি এই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন।
যে লোকটি ছুরিকাঘাত করেছিল, তিনি খালি গা ও খালি পায়ে শুধু লুঙ্গি পরে ঘুরছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ছুরি মেরেই তিনি পালিয়ে যান।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, “রাত ৮টায় জাহাঙ্গীর ডিউটি শেষ করে পুলিশের পোশাক পরা অবস্থায় ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অনেক ভিড় ছিল। হঠাৎ তিনি ডান পাঁজরে ব্যথা অনুভব করেন। হাত দিয়ে দেখেন রক্ত ঝরছে। ভিড়ের মধ্যে কোনো দুর্বৃত্ত ছুরি দিয়ে আড়াআড়ি টান (পোচ) মেরেছে বলে মনে হচ্ছে।”
