কেনাকাটায় অনিয়ম: যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোল্লা আমির হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার কমিশনের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে এ মামলা করেন বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
আসামিরা হলেন- যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব মোল্লা আমির হোসেন, সহকারী সচিব (কমন সার্ভিস) জাহাঙ্গীর আলম ও আশরাফুর ইসলাম, নিরাপত্তা অফিসার মনির হোসেন, উপ সহকারী প্রকৌশলী কামাল হোসেন, ক্রীড়া অফিসার আ ফ ম আসাফুদৌলা, অডিট অফিসার আব্দুস সালাম, হিসাব অফিসার মিজানুর রহমান ও মোছা. জাহানারা খাতুন এবং সিস্টেম অ্যানালিস্ট শরিফ সালমা কহিনুর।
তারা সবাই ওই কেনাকাটা কমিটির সদস্য ছিলেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও প্রিন্টার কিনতে তিন কোটি ১৬ লাখ ২৮ হাজার ৩৫৬ টাকা ব্যয় করা হয়।
দুদক তা যাচাই-বাছাই করে অনুসন্ধান করে জানায়, ওই কেনাকাটায় বাজারমূল্যের চেয়ে আসামিরা অতিরিক্ত এক কোটি ২০ লাখ ১৪ টাকা ব্যয় করেন।
দুদকের অনুসন্ধানে যা সরকারের আর্থিক ক্ষতিসাধন হিসেবে প্রমাণিত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
