কোভিড: ‘সম্মুখসারির যোদ্ধা’ পুলিশের জন্য নতুন 'ইনসিগনিয়া'
কোভিড মহামারীতে সম্মুখসারির যোদ্ধা পুলিশ সদস্যরা তাদের কাজের স্বীকৃতিতে পেয়েছেন বিশেষ ‘করোনা ইনসিগনিয়া'।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিকস) তওফিক মাহবুব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক মাস আগে পুলিশের ইউনিফর্মে এই ব্যাজ পরার অনুমতি দিয়েছে।
মন্ত্রণালয় ব্যাজ বানানোর অনুমোদন দিলেও অর্থায়ন করেনি, তাই এ ব্যাজ ব্যবহার বাহিনীর জন্য বাধ্যতামূলক নয়। এই ইনসিগনিয়ার কোথাও পুলিশ কথাটি লেখা হয়নি, বাংলাদেশ পুলিশের লোগোও সেখানে নেই।
তওফিক মাহবুব বলেন, “পুলিশ কল্যাণ ট্রাস্ট থেকে এ ব্যাজের জন্য বিনিয়োগ করা হয়েছিল। এরই মধ্যে চীন থেকে চালান এসেছে। কেউ ইচ্ছা করলে পরতে পারবে, না পরলেও চলবে।”
ইনসিগনিয়াটি তৈরি হয়েছে একটি করোনাভাইরাসের ছবি দিয়ে, যার মাঝ বরাবর একটি চাকু ঢুকে গেছে, চাকুটি মুষ্টিবদ্ধ হাত দিয়ে ধরা। নিচে ইংরেজিতে লেখা ‘ফ্রন্ট লাইন ফাইটারস’।
এই ব্যাজে পুলিশের কোনো চিহ্ন কেন রাখা হয়নি জানতে চাইলে ডিআইজি তওফিক বলেন, “এটি পুলিশ সদস্যরাই পরবে, বাইরের কারো পাওয়া সুযোগ নেই। কারণ এটি এক্সক্লুসিভ। তবে পরবর্তীতে ‘বিডি পুলিশ’ লেখাটি ছোট করে দেওয়া যায় কিনা, সেটা আমরা দেখব।”
বাসার আহমেদ নামে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের একজন পুলিশের এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪০ টাকা দিয়ে তিনি ব্যাজটি দুইদিন আগে থানা থেকে কিনে নিয়েছেন।
“যতটুকু জেনেছি, যে টাকা দিয়ে কেনা হয়েছে, সেটা পুলিশ সদস্যদেরই কল্যাণে যাবে।”
পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, সদর দপ্তর থেকে গত বছরই এ ধরনের ব্যাজ ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়।
মহামারীর মধ্যে সম্মুখসারির যোদ্ধা হিসেবে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে এ ধরনের ব্যাজ ‘ইউনিফর্ম’এর সাথে পরলে পুলিশ সদস্যরা অনুপ্রাণিত হবেন, কর্মস্পৃহা এবং কাজের গতি বাড়বে- এমন ধারণা থেকেই প্রস্তাবটি পাঠানো হয়।
প্রায় তিন মাস আগে এটির অনুমোদন দেওয়া হয় এবং পিতলের তৈরি এই ব্যাজ এরই মধ্যে চীন থেকে আনাও হয়েছে। প্রথম চালানের কিছু ব্যাজ পুলিশের কয়েকটি ইউনিটে পাঠানো হয়েছে এবং পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে বলে ওই কর্মকর্তার ভাষ্য।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ব্যাজ ব্যবহার বাধ্যতামূলক নয়। ব্যবহার না করলে কাউকে কিছু বলাও হচ্ছে না। এটা ড্রেস কোডের মধ্যে নয়, এটা একটা সৌন্দর্য্য। কেউ কিনে নিতে চাইলে কিনে নিতে পারেন।”
