২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসীদের ভাষার সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন: সেলিনা হোসেন

শুধু বাংলা ভাষা নয়, দেশের আদিবাসী জনগোষ্ঠীর মাতৃভাষাকেও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলে মনে করেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 12:40 AM

Updated : 28 Apr 2022, 11:54 PM

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের নন্দন মিলনায়তনে 'একুশে ডিবেটিং ক্লাব' আয়োজিত ১০ম ভাষা দিবস আন্তঃক্লাব বিতর্ক প্রযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাতৃভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “আদিবাসী ৪৫টি জনগোষ্ঠী আছে, তাদের প্রত্যেকের ভাষাকে মর্যাদার আসনে তুলতে হবে এবং এই ভাষাগুলোকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, শুধু বাংলা ভাষাকেই নয়।”

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছোট ছোট জনগোষ্ঠীর ভাষাগুলো তেমন মর্যাদা পায় না উল্লেখ করে সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, আমাদের দেশেও আদিবাসী জনগোষ্ঠীর ভাষাগুলো মর্যাদার আসনে নাই। সুতরাং আমরা মনে করি, ভাষা দিবস উদযাপনের মাধ্যমে প্রতিটি জনগোষ্ঠীর ভাষাকে একটি সম্মানতর জায়গা দিতে হবে।

“আমাদের প্রজন্মকে শেখাব যে, প্রত্যেক জনগোষ্ঠীর ভাষাকে সম্মানের সঙ্গে দেখতে হয়। সাংবিধানিক স্বীকৃতি দিলে তাদের ভাষার মর্যাদা আমাদের প্রজন্মরা ধারণ করতে পারবে। আগামী দিনে তারা যখন রাষ্ট্র পরিচালনা করবে, তারা এ মাতৃভাষাকে মর্যাদা দেবে।”

তিনি দেশের চার থেকে পাঁচটি ভাষার জনগোষ্ঠীকে মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ করে দেওয়ায় সরকারের প্রশংসা করেন।

আদিবাসী লেখকদের উৎসাহিত করতে সেলিনা হোসেন বাংলা একাডেমিকে বিভিন্ন পুরস্কার ও বইমেলায় বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলেন।

তিনি বলেন, “বইমেলায় তাদেরকে আলাদা স্টল দিতে হবে, যাতে তারা সব জনগোষ্ঠী একটা স্টলে বইগুলো নিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারে। বাঙালিদের দেখাতে পারে পারে যে, তারাও লিখতে পারে। এইভাবে ভাষার মর্যাদা দেওয়া আজকে জরুরি ।”

প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের ডিবেটিং ক্লাবগুলো নিয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে থাকে।

এবার ১০ম ভাষা দিবস আন্তঃক্লাব বিতর্ক প্রযোগিতায় শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ১৫টি ডিবেটিং ক্লাবসহ মোট ৩২টি দল অংশ নেয়।

শনিবার সমাপনী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

প্রতিযোগিতার বিষয় ছিল ‘এই সংসদ উচ্চশিক্ষায় বাংলা ভাষা প্রচলনের ধারণাকে সমর্থন করে না’।

সরকারি দল হিসেবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের বিতার্কিকরা বিজয়ী হন। বিরোধী দল হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল ডিবেটিং ক্লাবের বিতার্কিকরা রানার-আপ হন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, বিতর্ক প্রাচীনকাল থেকেই ছিল। প্লেটোর যে বই ‘ডায়ালগ’, সংলাপ মানেই তো বিতর্ক। একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে। এর মধ্য দিয়ে মূল কথাটা বেরিয়ে আসে। এজন্য বিতর্ক খুব সমাদৃত। বিতর্ক বা কথার পৃষ্ঠে কথা জ্ঞানকে সমৃদ্ধ, শব্দকে প্রতিষ্ঠিত করার জন্য খুবই জরুরি।

সমাপনী অনুষ্ঠানে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইসতিয়াক এম সৈয়দ, অমর একুশে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, একুশে ডিবেটিং ক্লাবের মডারেটর মো. শরীফুল ইসলাম, হল ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ মনন, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে ডিবেটিং ক্লাবের সভাপতি কফিল ইবনে কামাল।