আমিরাতের সঙ্গে ৪ সমঝোতা স্মারক
শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার দুবাই এক্সিবিশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের শিক্ষামন্ত্রী হুসাইন বিন ইবরাহিম আল হামাদি নিজ নিজ দেশের পক্ষে উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন।
ফরেইন সার্ভিসেস একাডেমির মধ্যে সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণের বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুই দেশের পররাষ্ট্র সচিবরা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা বিনিময়ে সমঝোতা স্মারকে সই করেন বিআইআইএসএস চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেন এবং ইসিএসএসআরের মহা পরিচালক সুলতান মোহাম্মদ আল-নুয়াইমি।
এ ছাড়া বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের চেয়ারম্যান সুলতান বিন সুলাইমান দুই সংগঠনের মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারকে সই করেন।
দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি
দুবাই এক্সপোতে সংযুক্ত আরব আমিরাতের প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি
সমঝোতা স্মারক স্বাক্ষরের আনুষ্ঠানিকতার আগে দুবাই এক্সিবিশন সেন্টারে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত প্যাভিলিয়নও ঘুর দেখেন এবং নারী দিবস উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন।
