অপেক্ষা জয় বাংলা কনসার্টের
তরুণদের কণ্ঠে একাত্তরের অনুপ্রেরণা যোগানো গানগুলো নিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনে এবারও ‘জয় বাংলা কনসার্ট’ না থাকায় দীর্ঘ হয়েছে অনেকের অপেক্ষা।
দেশে জানুয়ারি থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এ আয়োজনে বিরত থাকে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা। মহামারীর কারণে গত বছরও এ কনসার্ট হয়নি।
প্রতীক্ষিত এই আয়োজন নিয়ে ইয়াং বাংলার কাছে ভিডিওসহ অন্যান্য মাধ্যমে বার্তা এবং মতামত দিয়েছেন অনেকেই।
ফেব্রুয়ারির শুরু থেকেই সদ্য এইচএসসি পাশ করা তাবজিরুল ইসলামের মনে ঘুরপাক খাচ্ছিল ‘কনসার্ট হবে তো?’
সংক্রমণ কমে আসায় সব বিধিনিষেধ তুলে নেওয়া হলেও কনসার্ট বাতিল করায় হতাশা প্রকাশ করে ঢাকার দক্ষিণ বনশ্রীর এই তরুণ বলেন, “স্কুলে থাকতে বাবা-মা স্টেডিয়ামে গিয়ে কনসার্ট দেখতে দিতে চাননি। টিভিতে দেখেছি।
“আশা করেছিলাম, কলেজে ওঠার পর যাব।আগামী বছর আয়োজন হলে নিশ্চয়ই যাব। শুধু আমি না, বন্ধুরা সবাই মিলে কনসার্টটিতে যেতে চাই।”
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করতে ২০১৫ সালে থেকে ৭ মার্চ এই কনসার্টের আয়োজন করে আসছে ইয়াং বাংলা।
তরুণদের মাঝে সাড়া ফেলা এই কনসার্টে সর্বশেষ ২০২০ সালে সরাসরি ৬০ হাজার দর্শক অংশ নেন। এছাড়া অনলাইন ও টেলিভিশনে প্রায় ২ কোটি মানুষ উপভোগ করেন কনসার্টটি।
এবার জয় বাংলা কনসার্টে অংশ নিতে না পেরে হতাশা জানিয়ে চট্টগ্রামের হালি শহর এলাকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিফাত বলেন, “শুনেছি এ বছরও এটি আয়োজিত হচ্ছে না। ইচ্ছা ছিল যাওয়ার। ২০২০ সালেও গিয়েছি।
“আশা করছি শিক্ষার্থী থাকা অবস্থাতেই অন্তত আরও দুটি এমন কনসার্ট উপভোগ করতে পারব। সেই অপেক্ষায় রয়েছি।”
কনসার্টে শৈশবের ব্যান্ড দলগুলোর গান সরাসরি উপভোগ করতে পারাই এই তরুণের কাছে মূল আকর্ষণ। এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানও তাকে মুগ্ধ করে।
২০২০ সালে অনলাইনে জয় বাংলা কনসার্টের কিছু অংশ দেখেছেন গাজীপুরের কালিয়াকৈরের নুসরাত। কলেজের এই শিক্ষার্থী জানান, এখনও কনসার্টের কিছু গান ইউটিউবে শুনতে দারুণ লাগে।
“অপেক্ষায় আছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আগামী বছর কনসার্ট আয়োজন করলে সেখানে যেতে চাই।”
সেবছর কনসার্টে প্রথমবার যোগ দেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন এবং দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকও ছিলেন সেই কনসার্টে।
আরও পড়ুন
