২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রের মাথা দেয়ালে ‘ঠুকে দেওয়া’ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার, শিক্ষার্থীর অবস্থা ভালো নয়

রাজধানীর একটি মাদ্রাসায় ‘পড়া না পারায়’ প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের পর দেয়ালে ‘মাথা ঠুকে দেওয়ার’ ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 12:26 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

সাতদিন ধরে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসা দেওয়ার পরও সুস্থ না হওয়ায় শিশুটিকে রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১০ বছরের ছেলেটি মাদারটেকের আদর্শ পাড়ার আয়নুল কোরআন মাদ্রাসায় শিক্ষার্থী। তাদের বাসা সবুজবাগের মাদারটেক উত্তর পাড়ায়; বাবা সুমন শিকদার পেশায় টাইলস মিস্ত্রি।

গ্রেপ্তার রেজাউল করিম ওই মাদ্রাসার শিক্ষক। শিশুটির বাবার করা মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল বাশার।

ছেলেটির মা তানিয়া বেগম বলেন “পড়া না পারায় গত ২৮ ফেব্রুয়ারি ইয়াসিনকে বেধড়ক মারধর করেন মাদ্রাসার শিক্ষক রেজাউল করিম। এক পর্যায়ে ইয়াসিনের মাথা ধরে দেয়ালের সঙ্গে ঠুকে দেন। তখনই তার মাথা, চোখ মুখ ফুলে যায়।”

ঘটনার দিনই ছেলেটিকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে তার বাবা অভিযোগ করেন জানিয়ে পরিদর্শক আমিনুল বাশার বলেন, “শিশুটির অবস্থা দেখে পুলিশ তাকে হাসপাতালে পাঠায়।” 

শুরুতে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল শিশুটির। সাত দিনেও অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরিবার জানিয়েছে, তার মাথা, কপাল ও দুটি চোখ এখনও ফুলে নীলচে হয়ে আছে। হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে তার চিকিৎসা চলছে।