রামপুরায় দোকানে আগুন: দগ্ধ একজনের মৃত্যু
ঢাকার রামপুরার চৌধুরীপাড়ায় ভাঙারি দোকানে আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে চিকিৎসাধীন একজন মারা গেছেন।
তার নাম হেলাল উদ্দিন শেখ (৫০)।
রোববার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, আগুনে হেলালের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
ওই ঘটনায় এখনও নাদের আলী (৫০), নুর নবী (৫১), ইউসুফ (৪৯) ও সিদ্দিক (৫০) হাসপাতালে ভর্তি রয়েছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছিলেন, বুধবার রাতে চৌধুরীপাড়া মসজিদের পাশে একটি টিনশেড ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়।
আইয়ুব হোসেন বলেন, দগ্ধদের মধ্যে সিদ্দিকুরের শরীরের ৫২ শতাংশ, নাদের আলীর ৪৩ শতাংশ, নূর নবীর ৪২ শতাংশ এবং ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।
