২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

সাড়ে চার বছর আগে ঢাকার কদমতলীতে স্ত্রীকে খুনের দায়ে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 07:30 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল আলম রোববার এ রায় দেন।

রায়ে ইসমাইলকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার জানান, দণ্ডিত ইসমাইলকে কারাগার থেকে এজলাসে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ১৪ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্য শুনে বিচারক রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত পলি আক্তার মীম ও তার স্বামী দণ্ডিত ইসমাইল দুজনেই ঢাকা ম্যাচ ফ্যাক্টরির কাছে জেদ্দা ডায়িং ফ্যাক্টরিতে কাজ করতেন।

২০১৭ সালের ১৪ সেপ্টেম্বরে সাংসারিক বিষয়ে ঝগড়াঝাঁটির জের ধরে ইসমাইলের হাতে বেধড়ক মারপিটের শিকার হন মীম।

কদমতলীর রিভারভিউ আবাসিক এলাকায় ছয়তলা ভবনের চারতলায় হোসেন মিয়ার বাড়ির ভাড়াটে হিসাবে বাস করতে থাকেন তারা। ১৪ সেপ্টেম্বরে ফোন দিয়ে মামলার বাদী মীমের খালা রিনা বেগমকে ইসমাইল জানান যে, পলি ঝগড়াঝাটির জের ধরে ঘর বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ সময় রিনা তার এক আত্মীয়কে সঙ্গে নিয়ে বিষয়টি পুলিশকে জানান। পুলিশের তদন্তে হত্যার প্রমাণ পাওয়া যায়।

২০১৮ সালের ২৬ মে হত্যামামলায় অভিযোগপত্র জমার এক বছর পরে ১৪ এপ্রিলে পলি হত্যার অভিযোগ গঠনের মাধ্যমে ইসমাইলের বিরুদ্ধে বিচার শুরু হয়।

দণ্ডিতের পক্ষে আইনজীবী ছিলেন রকিবুল ইসলাম রাকিব। তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।