২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অ্যাপ্যান সম্মেলন শুরু সোমবার

বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) আগামী ৭ মার্চ থেকে পাঁচ দিনের অ্যাপ্যান-৫৩ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 06:22 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

শনিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিষয়ে জানায় বিডিরেন। 

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর গবেষণা নেটওয়ার্ক সংস্থাগুলোর হচ্ছে এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক (অ্যাপ্যান)।

সংবাদ সম্মেলনে বিডিরেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য দিল আফরোজা বেগম জানান, আগামী ৮ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্ব অনুষ্ঠানে অ্যাপ্যানের চেয়ারম্যান সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিলং ওয়াং বক্তব্য রাখবেন।

দিল আফরোজা বেগম বলেন, “প্রথমবারের মতো বিডিরেন অ্যাপ্যানের এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এটি হাইব্রিড মুডে আয়োজন করা হবে, যেখানে প্রায় ২০০ জন সশরীরে এবং ৩০০ জন ভার্চুয়ালি যুক্ত হবেন বলে আশা করছি। উদ্বোধন অনুষ্ঠান ছাড়া অন্যান্য দিনের অনুষ্ঠান অনলাইনে হবে।”

বিডিরেন ট্রাস্টের সদস্য ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, “অতিমারীর সময়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আমরা যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, সেগুলো চিহ্নিত করা এবং ভবিষ্যতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই চ্যালেঞ্জকে আমরা কীভাবে মোকাবেলা করব সে ব্যাপারেই দেশ-বিদেশের বিশেষজ্ঞরা সম্মেলনে আলোচনা করবেন।

“চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষা ও গবেষণায় আমরা তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার না করলে পিছিয়ে যাব। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ আমরা পাব। শুধু অতিমারী নয়, স্বাভাবিক অবস্থায়ও যেন আমরা তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্লেন্ডেড এডুকেশনের মাধ্যমে এগিয়ে যেতে পারি, সে ব্যাপারেও আমরা দিক-নির্দেশনা পাব।”

বিডিরেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদ জানান, অ্যাপ্যান প্রতিবছর দুটি সম্মেলন আয়োজন করে, যেখানে এর সদস্য ও অংশগ্রহণকারীরা প্রযুক্তি এবং এর প্রয়োগ সংক্রান্ত অগ্রগতির ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী অনুষ্ঠানে যোগদানের জন্য নিবন্ধন করেছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

আগ্রহীরা https://apans3.apan.net ওয়েবসাইটের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণে জন্য নিবন্ধন করতে পারবেন।