২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিন পর আরও ১১ কেজি স্বর্ণের বার উদ্ধার

বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে সাড়ে ১০ কেজি স্বর্ণের বার উদ্ধারের দুদিন পরই কাস্টমস গোয়েন্দারা পোশাক সামগ্রীর আড়ালে আনা ১১ কেজি ওজনের ৯৬টি স্বর্ণের বার আটক করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2022, 11:32 PM

Updated : 28 Apr 2022, 11:44 PM

রোববার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট থেকে দুটি তৈরি পোশাক কারখানার জন্য আমদানি করা কাপড়ের ভাঁজ থেকে আনুমানিক আট কোটি টাকা মূল্যের এসব বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিরোজ আলম (২৫) ও নিয়ামত উল্লাহ (৪০) নামের দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে ১০ কেজি ওজনের ৯০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এদিন সন্ধ্যায় কাস্টমস ও গোয়েন্দা অধিদপ্তরের উত্তরা এয়ার ফ্রেইট ইউনিটে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।

অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ জানান, কাপড়ের ভাঁজে স্কচ টেপ মোড়ানো চারটি বান্ডিল থেকে ৬৪টি এবং আটক দুজনের কাছ থেকে ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়।

“এসব বারের ওজন প্রায় ১১ কেজি। বর্তমান বাজার মূল্য প্রায় আট কোটি টাকা।“

ইস্টার্ন অ্যাপারাল লিমিটেড ও বেসটেক বিডি লিমিটিড নামের দুটি প্রতিষ্ঠানের নামে আমদানি করা গার্মেন্ট সামগ্রীর আড়ালে অবৈধভাবে এসব স্বর্ণের বার আনা হচ্ছিল বলে জানান তিনি।

ফিরোজ ও নিয়ামত মাসফি এন্টারপ্রাইজ নামের সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মী। এ সিঅ্যান্ডএফ এজেন্ট গার্মেন্ট কোম্পানি দুটির হয়ে কাজ করছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ইস্টার্ন অ্যাপারালে ঢাকার শ্যামলীতে এবং বেসটেক বিডি চট্টগ্রামের কর্ণফূলী ইপিজেডের ঠিকানা ব্যবহার করে এসব কাপড় আমদানি করে।

“ইস্টার্ন অ্যাপারালের নামে আসা কাপড়ের ভাঁজে ৬৪টি পাওয়া যায় এবং বেসটেক বিডির নামে আসা কাপড়ের ভাঁজ থেকে ৩২টি বার বের করে পালিয়ে যাওয়ার সময় ফিরোজ ও নিয়ামত ধরা পড়েন।”

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়াও আমদানিকারক দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।