পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সেবা ডটকমের শরিফুল গ্রেপ্তার
প্রতারণার মাধ্যমে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে 'সেবা ডটকম' নামের একটি ই-কমার্স কোম্পানির মালিককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে রাজধানীর কলাবাগান থেকে শরিফুল ইসলাম নামের ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, শরিফুল ২০১৫ সালে ‘সেবা ডটকম’ খুলে উদ্যোক্তা সংগ্রহ শুরু করেন, পরে ই-কমার্স উদ্যোক্তা হিসাবে পরিচিতি পান।
“ওই কোম্পানি খুলে বিভিন্ন ব্যাক্তিকে অধিক মুনাফার লোভ দেখিয়ে শরিফুল প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেন,” বলছে র্যাব।
শরিফুলের বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে জানিয়ে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার এড়াতে তিনি ঘন ঘন অবস্থান পরিবর্তন করতেন।
“উচ্চ মাধ্যমিক পাস শরিফুল বিভিন্ন জেলায় লোকাল ম্যানেজার পদে প্রতিনিধি নিয়োগের নামে জনপ্রতি ২৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বিকাশের মাধ্যমে নিয়ে আত্মসাৎ করেছেন। ১৫০-২০০টি ওয়েব সাইট/অ্যাপ বানিয়েছেন বলে মিথ্যা অপপ্রচার চালাতেন।"
শরিফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
